অবাধ নির্বাচনে বিএনপির বিজয় সুনিশ্চিত হতে চলেছে: মাহদী আমিন
![]() |
| বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে | ছবি: পদ্মা ট্রিবিউন |
দীর্ঘদিন পর মানুষ ভোট দেওয়ার অধিকার ফিরে পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, জনগণের এই অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি স্বচ্ছ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত হতে চলেছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন এই কথা বলেন।
মাহদী আমিন বলেন, পরাজয়ের ভয় দেখিয়ে প্রতিপক্ষ রাজনৈতিক দল রাতের দিকে বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত এবং সহিংস ঘটনার সৃষ্টি করেছে। এগুলো নির্বাচনের নিয়ম ভঙ্গের স্পষ্ট উদাহরণ।
তিনি নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্তর্বর্তী সরকারের প্রতি নির্বাচন শান্তিপূর্ণ রাখতে আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রতিপক্ষের এই চেষ্টা ব্যর্থ হবে। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করে এ কথা প্রমাণ করছে।
মাহদী আমিন অভিযোগ করেন, নোয়াখালীর হাতিয়া, কুমিল্লার চৌদ্দগ্রামসহ দেশের কিছু স্থানে কিছু অসঙ্গতি, কারচুপি এবং সহিংসতার ঘটনা ঘটেছে। তিনি বলেন, হাতিয়ায় ইতিমধ্যে বিএনপির এজেন্টদের সরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। সেখানে প্রতিপক্ষ রাজনৈতিক দল বিভিন্ন ধরনের সহিংসতা করছে। তিনি সকলের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া ভোট প্রদানের প্রক্রিয়া দ্রুত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

Comments
Comments