[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এলাকার আইনশৃঙ্খলা ভালো, আপনারা ফার্স্ট হইছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশঃ
অ+ অ-
বৃহত্তর ফরিদপুরের পাঁচটি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আনসার কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী | ছবি: পদ্মা ট্রিবিউন

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘নির্বাচনের দিন যদি কোনো সমস্যা হয়, সেদিন দেখবেন সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা নিয়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’ মঙ্গলবার বেলা দেড়টার দিকে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আনসার কমান্ডারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রায় এক ঘণ্টা এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা শরীয়তপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী ও ফরিদপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। দেখলাম সব প্রস্তুতি খুবই ভালো। প্রায় প্রতিটি ভোটকেন্দ্রেই সিসিটিভি ক্যামেরা লাগানো শেষ হয়েছে। আনসার সদস্যরা পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কেন্দ্রের সুরক্ষাও নিশ্চিত হবে। এ ছাড়া ড্রোন ব্যবহারের ব্যবস্থাও করা হয়েছে। সব মিলিয়ে এখানকার পরিস্থিতি খুবই ভালো।’

তিনি আরও বলেন, ‘যেসব কেন্দ্রের সীমানা প্রাচীর নেই, সেখানে বাঁশ দিয়ে ঘেরার ব্যবস্থা করা হয়েছে। আমি আশা করছি, নির্বাচন উৎসবমুখর হবে। একই সঙ্গে ভোট হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য।’

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এবার নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, ‘এলাকা ঘুরে দেখলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। আপনারা প্রথম হয়েছেন। অতীতে কখনো এত বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়নি।’

সহিংসতার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আগের নির্বাচনগুলোতে যেমন সহিংসতা হতো, এবার আল্লাহর রহমতে এখনো কোনো সমস্যা হয়নি। আশা করি সামনেও হবে না। এ জন্য সবাইকে চেষ্টা করতে হবে এবং দোয়া করতে হবে।’

সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্যান্য সময় দেখা যেত সশস্ত্র বাহিনী ভোটকেন্দ্রের ভেতরে যেতে পারত না। এবার আমাদের জ্যেষ্ঠ সচিব ভালো ব্যবস্থা করেছেন। সশস্ত্র বাহিনী প্রতিটি ভোটকেন্দ্রের এলাকায় যাবে। এসব প্রস্তুতি নিয়েই আজ আলোচনা হয়েছে। তবে সব কৌশল এখনই প্রকাশ করা যাবে না।’

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গণি, ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিকসহ যৌথ বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন