জামায়াত প্রার্থীর ৪৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
![]() |
| ঈশ্বরদী প্রেসক্লাবে বুধবার সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আবু তালেব মণ্ডল | ছবি: পদ্মা ট্রিবিউন |
পাবনা-৪ আসনে জামায়াত নেতৃত্বাধীন ১১ দল মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মণ্ডল তাঁর নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেছেন। আজ বুধবার দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ঈশ্বরদী ও আটঘরিয়া উপজেলার উন্নয়নকল্পে ৪৮ দফার এই ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে এলাকার অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আবু তালেব মণ্ডল প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে ঈশ্বরদী রেলগেটে ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণ এবং দীর্ঘদিন বন্ধ থাকা বিমানবন্দরটি পুনরায় সচল করার উদ্যোগ নেবেন। সেই সঙ্গে রেলওয়ে স্টেশনে লিফট ও চলন্ত সিঁড়ি স্থাপনসহ যাত্রীসেবার মানোন্নয়ন করা হবে। চরাঞ্চলের মানুষের সুবিধার্থে ভাঙন রোধে গাইড বাঁধ নির্মাণ, নদী ড্রেজিং এবং দুর্গম এলাকায় পাকা রাস্তা তৈরির পরিকল্পনাও রয়েছে তাঁর।
শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে ইশতেহারে বলা হয়েছে, ঈশ্বরদী সরকারি কলেজে মাস্টার্স কোর্স চালু ও স্থানীয় মহিলা কলেজকে জাতীয়করণ করা হবে। এছাড়া আটঘরিয়ায় একটি আধুনিক কৃষি কলেজ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনসহ শিক্ষার্থীদের যাতায়াতে বাসের ব্যবস্থা করার কথা উল্লেখ করা হয়। এলাকার চিকিৎসা সেবাকে উন্নত করতে দুই উপজেলার সরকারি হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার পাশাপাশি আটঘরিয়ায় একটি আধুনিক ট্রমা সেন্টার ও বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের অঙ্গীকার করেন তিনি।
অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে বন্ধ হওয়া পাবনা চিনিকল চালু, লিচুর জন্য বিশেষায়িত হিমাগার নির্মাণ এবং সংকটাপন্ন তাঁত ও বেনারসি শিল্পকে পুনরুজ্জীবিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঈশ্বরদী ইপিজেডে বিনিয়োগ বৃদ্ধি এবং নারী শ্রমিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার বিষয়েও তিনি আশ্বাস দেন। এছাড়া শিক্ষিত বেকারদের জন্য আইটি প্রশিক্ষণ কেন্দ্র এবং বিনোদনের জন্য আধুনিক শিশুপার্ক ও স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান ঘোষণা করে এই প্রার্থী জানান, মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং নির্মূলে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। ব্যবসা-বাণিজ্যে সিন্ডিকেট ও চাঁদাবাজি বন্ধের পাশাপাশি চরাঞ্চলে জননিরাপত্তা বাড়াতে পুলিশ ফাঁড়ি স্থাপনের ওপর জোর দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, জেলা তারবিয়াত সম্পাদক গোলাম রব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা আমির নুরুজ্জামান প্রামানিক ও আটঘরিয়া উপজেলা আমির মো. নকিবুল্লাহসহ জোটের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

Comments
Comments