বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ঘনিষ্ঠ সম্পর্ক চায় ভারত
![]() |
| পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা। ২২ফেব্রুয়ারি | ছবি: পদ্মা ট্রিবিউন |
সব ক্ষেত্রে জনকল্যাণমুখী সহযোগিতা আরও শক্তিশালী করতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত। পারস্পরিক স্বার্থ ও সুফলের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী মনোভাব নিয়ে এই সহযোগিতাকে এগিয়ে নিতে চায় প্রতিবেশী দেশটি।
রোববার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা দুই দেশের সম্পর্কের বিষয়ে এসব কথা বলেন।
প্রণয় ভার্মা জানান, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এটিই ছিল তাঁর প্রথম বৈঠক। তাই এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ও প্রাথমিক মতবিনিময় ছিল।
ভারতের হাইকমিশনার বলেন, ‘নির্বাচনের পর থেকে বাংলাদেশের সঙ্গে আমাদের সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগ সম্পর্কে আপনারা জানেন। ১৩ ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দনবার্তা পাঠান। ওই দিনই পরে তাঁদের মধ্যে টেলিফোনে কথা হয়েছে।’
তিনি আরও জানান, এরপর ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ গ্রহণের সময় ভারতের লোকসভার স্পিকার ভারত সরকারের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা সফর করেন। তিনি নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন। ওই বৈঠকে লোকসভার স্পিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন।
প্রণয় ভার্মা বলেন, ‘এসব যোগাযোগের মাধ্যমে আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেছি। সেই সঙ্গে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন দেওয়ার অঙ্গীকার আবারও তুলে ধরেছি।’
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে ভারতের আগ্রহের কথা জানিয়েছেন বলে উল্লেখ করেন প্রণয় ভার্মা। তিনি বলেন, ‘আমি জানিয়েছি যে পারস্পরিক স্বার্থ ও সুবিধার ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও অগ্রগামী মনোভাব নিয়ে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও বাড়াতে আমরা একসঙ্গে কাজ করতে চাই।’

Comments
Comments