যাত্রাবাড়ীতে তল্লাশিচৌকিতে পুলিশকে ছুরিকাঘাত, ককটেল বিস্ফোরণ
| ছুরিকাঘাত | প্রতীকী ছবি |
রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় তল্লাশিচৌকিতে ব্যাগ তল্লাশির সময় এক পুলিশ সদস্যের চোখের ওপর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহত পুলিশ সদস্যের নাম মো. শাহ্ আলম (৩৩)। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
আজ শনিবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা নায়েক নজরুল ইসলাম বলেন, কুতুবখালী পকেট গেটসংলগ্ন এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশিচৌকি চলছিল। এ সময় চারজন যুবক সেখানে এলে একজনের ব্যাগ দেখে পুলিশের সন্দেহ হয়। পুলিশ ব্যাগটি তল্লাশি করতে গেলে ওই যুবকদের একজন শাহ আলমের বাঁ চোখের ওপর ছুরিকাঘাত করে পালিয়ে যান। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিকেলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানিয়েছেন, যুবকরা পালিয়ে গেলেও ব্যাগটি উদ্ধার করা হয়েছে। ব্যাগের ভেতরে ককটেলসদৃশ বস্তু পাওয়া গেছে। পালিয়ে যাওয়ার সময় তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণও ঘটায়। অভিযুক্তদের আটকে পুলিশের অভিযান চলছে।
Comments
Comments