টঙ্গীতে আওয়ামী লীগের কার্যালয়ে ১৮ মাস পর ব্যানার ও জাতীয় পতাকা
![]() |
| টঙ্গীতে আওয়ামী লীগের কার্যালয়ের পরিত্যক্ত ভবনের সামনে দলীয় ব্যানার ও জাতীয় পতাকা টানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে | ছবি: সংগৃহীত |
গাজীপুরের টঙ্গীতে দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ব্যানার ও জাতীয় পতাকা টানানো হয়েছে। তবে কারা এই ব্যানার ও পতাকা টানিয়েছেন, সে সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে কার্যালয়ে ব্যানারটি দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন।
টঙ্গী নতুন বাজার এলাকায় আওয়ামী লীগের এই কার্যালয়ের প্রধান ফটকের সামনে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান (রাসেল) ও দলীয় প্রধান শেখ হাসিনার ছবিসহ একটি ব্যানার দেখা যায়। জাহিদ আহসান তাঁর ফেসবুক অ্যাকাউন্টে এই ঘটনার একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে দীর্ঘ ১৮ মাস পর আওয়ামী লীগের দলীয় ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলন।’
স্থানীয় বাসিন্দারা জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তেজিত জনতা টঙ্গীর এই কার্যালয়ে আগুন দিয়েছিল। এরপর থেকে এটি পরিত্যক্ত অবস্থায় ছিল। বৃহস্পতিবার ভোর থেকে কার্যালয়ের সামনে ব্যানারটি ঝুলতে দেখা গেলেও কে বা কারা এটি লাগিয়েছেন, তা কেউ বলতে পারেননি।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই ব্যানার টানিয়েছেন কি না, সে বিষয়ে তাঁর কাছে কোনো তথ্য নেই। তিনি বলেন, ‘টঙ্গী আওয়ামী লীগের কার্যালয়ে একটি ব্যানার টানানো হয়েছে ঠিকই, তবে কারা এটি করেছে তা জানা নেই। ভবনটি আগে আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে এটি একটি পরিত্যক্ত স্থাপনা।’

Comments
Comments