পুলিশের শীর্ষ পদে পরিবর্তনের আভাস, তবে ঢালাও বদলি নয়
| পুলিশের লোগো |
নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর দেশের পুলিশ বাহিনীর শীর্ষ পদগুলোতে পরিবর্তনের আভাস পাওয়া গেছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) সহ গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন নিয়োগের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আপাতত সব স্তরে ঢালাও বদলি না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নতুন সরকারের ভাবনা অনুযায়ী, পদায়ন ও দায়িত্ব প্রদান হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে। সেখানে রাজনৈতিক পরিচয়ের চেয়ে দক্ষতাকে প্রাধান্য দেওয়া হবে। নির্বাচনের পর কিছু ইউনিটে অভ্যন্তরীণ বদলি হলেও তা হবে নিয়মমাফিক। রাজনৈতিক কারণে সব স্তরে গণহারে বদলির যে চর্চা আছে, তা অনুসরণ করা হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সরকার গঠনের পর প্রথম কর্মদিবসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কর্মকর্তাদের বলেন, ‘কে কোন দলকে ভোট দিয়েছেন, সেটা ভুলে যান। আজ থেকে আপনারা সবাই দেশের মানুষের জন্য কাজ করুন।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আইজিপি ছাড়াও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক, পুলিশের বিশেষ শাখার প্রধান, অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধানসহ বেশ কয়েকটি শীর্ষ পদে পরিবর্তন আসছে। তবে ডিআইজি, এসপি ও থানার ওসিদের বদলির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আপাতত এসব পদে রদবদল করা হবে না বলে জানা গেছে।
বিএনপি সরকার গঠন করার পর থেকেই পুলিশের শীর্ষ পদে পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি মন্তব্য না করলেও বর্তমান পুলিশপ্রধান বাহারুল আলম জানিয়েছেন, তিনি নিজ দায়িত্ব থেকে সরে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন নিয়োগের ফাইল ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তাদের মধ্যকার আলোচনা অনুযায়ী, শীর্ষ পদগুলোতে নিয়োগ পাওয়ার সম্ভাবনা থাকা কর্মকর্তাদের মধ্যে আছেন—দেলোয়ার হোসেন মিঞা, আলী হোসেন ফকির, ছিবগাত উল্লাহ, এ কে এম শহিদুর রহমান, হাসিব আজিজ, ব্যারিস্টার জিল্লুর রহমান, ফারুক আহমেদ, এ কে এম আওলাদ হোসেন, মতিউর রহমান শেখ, আনসার উদ্দিন খান পাঠান ও মোসলেহ্ উদ্দিন আহমদ।
পুলিশের ভেতরের সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগের জন্য ইতিমধ্যে তদবির শুরু হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন যে নিয়োগ হবে সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করতে এবং কাজের ধারাবাহিকতা বজায় রাখতে নিম্নপদস্থ কর্মকর্তাদের আপাতত ঢালাও বদলি করা হচ্ছে না। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, গণ-অভ্যুত্থানের পরবর্তী বিশৃঙ্খলা কাটিয়ে পুলিশ গত ১৭ মাসে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে। সরকার চায় না এখন বড় কোনো রদবদলের কারণে সেই ছন্দ নষ্ট হোক।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেন, ‘নতুন সরকার যদি পুলিশকে জনগণের আস্থার জায়গায় ফিরিয়ে আনতে চায়, তবে বাহিনীর অভ্যন্তরীণ সংস্কার জরুরি। এতে আইনশৃঙ্খলার পরিবেশ স্বাভাবিকভাবেই উন্নত হবে।’
Comments
Comments