শরীয়তপুরে কেন্দ্রীয় মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা চুরি
![]() |
| শরীয়তপুর জেলা শহরে অবস্থিত কেন্দ্রীয় মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা চুরি হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
শরীয়তপুর জেলা শহরে অবস্থিত জেলা কেন্দ্রীয় মন্দিরের দুটি দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। বুধবার ভোররাতের দিকে দুই ব্যক্তি মন্দিরের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মন্দিরের পক্ষ থেকে সদর উপজেলার পালং মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
মন্দির পরিচালনা কমিটির সদস্যরা জানান, জেলা শহরের পালং বাজারে জেলা কেন্দ্রীয় মন্দির ‘পালং হরিসভা’ অবস্থিত। মন্দিরটি চারদিকে সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা। শ্যামসুন্দর মন্দির ভবনের সামনে একটি এবং মন্দিরের বারান্দায় একটি দানবাক্স ছিল। বুধবার ভোররাতে দুই ব্যক্তি প্রাচীর টপকে ভেতরে ঢুকে বাক্স দুটি ভেঙে সব টাকা নিয়ে যায়।
মন্দিরের যাবতীয় কার্যক্রম ১৬টি ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হয়। চুরির এই দৃশ্যটি ৪টি ক্যামেরায় ধরা পড়েছে। ভিডিওতে দেখা গেছে, হালকা গড়নের দুই ব্যক্তি রাতের আঁধারে মন্দিরে প্রবেশ করছে। তাদের একজনের মুখে মাস্ক এবং অন্যজনের মুখে মাফলার প্যাঁচানো ছিল।
মন্দিরের সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র দেবনাথ দুপুরে পালং মডেল থানায় জিডি করেছেন। তিনি বলেন, ‘আমাদের দুটি দানবাক্সে এক লাখ থেকে দেড় লাখ টাকা ছিল। ভক্তরা বিভিন্ন সময় মন্দিরে এসে যে প্রণামি দেন, তা-ই ওই বাক্সে জমা ছিল। আমরা সাধারণত প্রতি দুই মাস পরপর দানবাক্স খুলে থাকি।’
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, পুলিশ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে। চোরদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

Comments
Comments