চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত সাবেক কাউন্সিলর শাহিনুরের মৃত্যু
![]() |
| শাহিনুর রহমান | ছবি: সংগৃহীত |
যশোরের চৌগাছায় সন্ত্রাসী হামলায় আহত পৌরসভার সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান (৪৫) মারা গেছেন। সোমবার রাত আটটার দিকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
গত ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা উপজেলা শহরের কুঠিপাড়া মোড়ে হামলার শিকার হন শাহিনুর। তিনি চৌগাছা পৌরসভার কুঠিপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে এবং দুই সন্তানের জনক। শাহিনুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, ১৬ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে চৌগাছা শহরের কুঠিপাড়া মোড়ে দাঁড়িয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছিলেন শাহিনুর রহমান। এ সময় পেছন থেকে সন্ত্রাসীরা এসএস পাইপ (ধাতব নল) দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁকে ঢাকায় নেওয়া হয়।
ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গত বুধবার ভোরে শাহিনুরের মাথায় অস্ত্রোপচার করা হয়। সে সময় চিকিৎসকেরা জানিয়েছিলেন, ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না। তবে নির্ধারিত সময় পার হলেও তাঁর জ্ঞান ফেরেনি। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, চিকিৎসাধীন অবস্থায় সাবেক কাউন্সিলর শাহিন মারা গেছেন বলে তিনি শুনেছেন। তবে এই বিষয়ে এখনো কোনো কাগজপত্র বা পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাননি।

Comments
Comments