ময়মনসিংহে জমি নিয়ে বিবাদ, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
| হত্যা | প্রতীকী ছবি |
ময়মনসিংহ সদরে জমি নিয়ে বিরোধের জেরে সুলতান মিয়া (৪৭) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার খাগডর ইউনিয়নের তারাগাঁয় গ্রামে এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সুলতান মিয়ার বিক্রি করা জমি নিয়ে তার চাচাতো ভাই মিরাজ আলীর সঙ্গে বিরোধ চলছিল। মিরাজ ওই জমি নিজের দাবি করে সুলতানকে তা বিক্রি করতে বাধা দেন। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় ওই জমি নিয়ে দুই পক্ষ আবারও ঝগড়ায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে মিরাজ আলী ও তার ছেলেরা সুলতান মিয়াকে কুপিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব জানান, রাত আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ এই খবর পায়। মূলত জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে, তবে এখন পর্যন্ত কাউকেই আটক করা সম্ভব হয়নি।
Comments
Comments