[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ভোলায় মায়ের কোল থেকে শিশু চুরি

প্রকাশঃ
অ+ অ-
নবজাতক | প্রতীকী ছবি

ভোলায় মাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করার পর কোল থেকে তিন মাসের শিশু চুরির অভিযোগ নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। দিনভর অভিযানের পর ঢাকা থেকে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে, এই ঘটনাটি পরিকল্পিত হতে পারে। প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

বুধবার সকালে ভোলা সদর উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে।

পরিবারের দাবি, সকালে শিশুটির মা স্থানীয় একটি ওষুধের দোকানে গেলে বোরকা পরা এক নারী তাঁর সামনে ২০০ টাকার একটি নোট বাড়িয়ে দেন। তাঁদের সন্দেহ, ওই নোটে নেশাজাতীয় পদার্থ মেশানো ছিল। নোটটি হাতে নেওয়ার পরপরই শিশুটির মা অচেতন হয়ে পড়েন। এই সুযোগে ওই নারী কোল থেকে শিশুটিকে নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন মাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট সাধারণ (জেনারেল) হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং শিশুটিকে উদ্ধারে অভিযানে নামে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহিম জানান, শিশুটিকে উদ্ধারে সব ধরনের চেষ্টা চালানো হয়। একপর্যায়ে তথ্য পাওয়া যায়, এক নারী শিশুটিকে নিয়ে লঞ্চে করে ঢাকার সদরঘাটের দিকে যাচ্ছেন। খবর পেয়ে ইলিশা পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) তাজীব ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. লিমন সড়কপথে ঢাকায় পৌঁছান। পরে সদরঘাট এলাকায় ‘দোয়েল পাখি-১০’ লঞ্চে অভিযান চালিয়ে সন্দেহভাজন নারীসহ শিশুটিকে উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ জানায়, উদ্ধার হওয়া ওই নারীর তিন সন্তান আছে। পারিবারিক কলহের জেরে তিনি কোলের শিশুকে তাঁর এক স্বজনের কাছে দিয়ে দেন। ওই স্বজনের মেয়ে নিঃসন্তান হওয়ায় শিশুটিকে নিতে আগ্রহী ছিলেন। পুরো ঘটনাটি সাজানো হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে তদন্ত এখনো চলছে।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ঘটনার প্রকৃত কারণ জানতে শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন