নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
| হত্যা | প্রতীকী ছবি |
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি ধানখেত থেকে মো. আবদুল আহাদ (১৭) নামের এক শারীরিক প্রতিবন্ধী কিশোর অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের সময় নিহতের গলা ও মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ছিল।
রোববার বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্সী বাড়ি ব্রিজসংলগ্ন ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবদুল আহাদ চট্টগ্রামের ওসমানিয়া ফ্যাক্টরি এলাকার নুরুল আলমের ছেলে। পুলিশের ধারণা, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা আহাদকে শ্বাসরোধে হত্যা করেছে।
আহাদের মামা মো. আজাদ জানান, দুই বছর আগে আহাদের বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হওয়ার পর থেকে সে নানার বাড়িতে থাকত। জিলানী নামের এক ব্যক্তির গ্যারেজ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া নিয়ে চালাত সে।
আজাদ আরও জানান, শনিবার দিবাগত রাত একটার দিকে অটোরিকশার মালিক আহাদের মাকে ফোন করে জানান যে আহাদ রিকশা নিয়ে গ্যারেজে ফেরেনি। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। আজ দুপুরে ধানখেতে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় আহাদের মরদেহ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। কিশোর আহাদের মুখমণ্ডল ও গলায় স্কচটেপ মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাই করতেই তাকে হত্যা করে ধানখেতে ফেলে গেছে দুর্বৃত্তরা।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ছিনতাই হওয়া অটোরিকশাটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Comments
Comments