পটিয়ায় ওয়ার্কশপে অগ্নিকাণ্ড, ভস্মীভূত ৩টি গাড়ি
![]() |
| চট্টগ্রামের পটিয়ায় ওয়ার্কশপে পুড়ে যাওয়া গাড়ি | ছবি: পদ্মা ট্রিবিউন |
চট্টগ্রামের পটিয়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাশাপাশি থাকা দুটি মোটরগাড়ির গ্যারেজ পুড়ে গেছে। আগুনে গ্যারেজ দুটিতে থাকা দুটি হাইয়েস গাড়ি, একটি লেগুনা, নগদ টাকা ও মূল্যবান যন্ত্রপাতি ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এই ঘটনায় তাদের প্রায় ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উদ্যান উন্নয়ন কেন্দ্রের ফার্মগেট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মালিক ও পটিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সন্ধ্যায় ওই এলাকার কাঁচাঘরে তৈরি ‘মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’-এর কর্মচারীরা ইফতার করছিলেন। ওই সময় হঠাৎ একটি গাড়িতে আগুন লেগে যায়। মুহূর্তেই সেই আগুন পাশের কুলসুম ওয়ার্কশপে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক উজ্জ্বল দাশ মুঠোফোনে জানান, ইফতার করতে বসার আগ পর্যন্ত তারা গাড়ির কাজ করছিলেন। হঠাৎ একটি গাড়ির নিচ থেকে আগুন জ্বলে ওঠে। কয়েক মিনিট চেষ্টা করেও তারা আগুন নেভাতে পারেননি। পরে পাশের ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে দ্রুত একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে তার গ্যারেজে থাকা দুটি হাইয়েস, একটি লেগুনা, গাড়ি কেনার জন্য রাখা দুই লাখ টাকা এবং কাজের আরও প্রায় ১০ হাজার টাকা পুড়ে গেছে।
পটিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রাজেশ বড়ুয়া জানান, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আশেপাশে পানির কোনো উৎস না থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হয়েছে। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দুটি গ্যারেজই পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কাজ করার সময় বৈদ্যুতিক গোলযোগ বা শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Comments
Comments