চন্দনাইশে টাকা বিতরণের অভিযোগ অলি আহমদের
![]() |
| চট্টগ্রামের চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। আজ সকাল সাড়ে ৯টায় তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন |
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) আসনে বিএনপির প্রার্থীর পক্ষ থেকে টাকা বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। তিনি বলেন, তিন দিন ধরে বিভিন্ন গ্রাম থেকে এ ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে। কেউ কেউ হাতেনাতে ধরা পড়েছেন। কয়েকজনকে সেনাবাহিনী ধরে নিয়ে গেছে, আবার কিছু লোককে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় চন্দনাইশ সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অলি আহমদ। এই আসনে তার ছেলে ওমর ফারুক জামায়াতে ইসলামী–সমর্থিত ‘১১–দলীয় নির্বাচনী ঐক্য’ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোট দেওয়ার পর অলি আহমদ বলেন, ভবিষ্যতে দেশকে এমন পরিস্থিতি থেকে মুক্ত করতে কীভাবে কাজ করা যায়, তা নিয়ে ভাবতে হবে। যদি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না করা যায়, দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব হবে না। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামীকাল ১১–দলীয় ঐক্যজোট সরকার গঠন করবে।
এর আগে সকাল ৯টায় একই কেন্দ্রে ভোট দেন এলডিপির প্রার্থী ওমর ফারুক। তিনি বলেন, এখন পর্যন্ত ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে। বড় ধরনের কোনো অভিযোগ নেই। তবে গতকাল বুধবার কয়েকটি জায়গায় টাকা বিতরণের খবর শুনেছি।
কেন্দ্রটিতে সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল। প্রিসাইডিং কর্মকর্তা আবুল ফজল মো. মনসুর উল্লাহ বলেন, এ কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৪০৬। সকাল সাড়ে ৯টা পর্যন্ত প্রায় ১০ শতাংশ ভোট পড়েছে। বেশির ভাগ প্রার্থীর পোলিং এজেন্ট উপস্থিত রয়েছেন।
চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ) আসনে মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ৫১৩। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ৮৪৭, নারী ভোটার ১ লাখ ৪৭ হাজার ৬৬৫ এবং হিজড়া ১ জন। এই আসনের ১০০টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Comments
Comments