জামালপুরে কলেজের টিন বিক্রির অভিযোগে ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি
| বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের লোগো |
জামালপুরের ইসলামপুর সরকারি কলেজের জরাজীর্ণ রান্নাঘরের টিন বিক্রির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের দুই নেতাকে সংগঠনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া দুই নেতা হলেন—ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন ও সাধারণ সম্পাদক রাব্বি মিয়া।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জোনায়েদ হোসেন ও রাব্বি মিয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই কলেজের পুরোনো একটি রান্নাঘর ভেঙে নতুন করে তৈরির উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি পুরোনো রান্নাঘরের চালের টিনগুলো খোলা হয়। মঙ্গলবার বিকেলে কাউকে না জানিয়ে ওই টিনগুলো বাইরে বিক্রি করে দেন জোনায়েদ ও রাব্বি। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এরপর রাতে কেন্দ্রীয় কমিটি তাঁদের দুজনকে পদ থেকে সরিয়ে দেয়।
এদিকে একটি চিঠিতে দেখা গেছে, গত রোববার জোনায়েদ ও রাব্বি রান্নাঘরের পুরোনো টিন ও মালামাল কেনার জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। সেই আবেদন অনুযায়ী, তাঁদের কাছে ১০ হাজার টাকায় টিন ও মালামাল বিক্রি করে কলেজ কর্তৃপক্ষ।
ইসলামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ আলী জানান, পুরোনো রান্নাঘরের টিনসহ মালামাল কেনার জন্য জোনায়েদ ও রাব্বি আবেদন করেছিলেন। সেই ভিত্তিতেই তাঁদের কাছে টিনগুলো বিক্রি করা হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য জোনায়েদ হোসেন ও রাব্বি মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের নম্বর বন্ধ পাওয়া গেছে।
Comments
Comments