ভোটে নানা অনিয়মের অভিযোগে সারাদেশে আটক ২০
![]() |
| রাজশাহীর চারঘাট উপজেলার একটি ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করায় চারজনকে আটক করা হয়েছে | ছবি: পদ্মা ট্রিবিউন |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরুর আগেই ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ, জাল ভোট দেওয়ার চেষ্টা এবং গোপন কক্ষের ছবি তোলাসহ বিভিন্ন অভিযোগে দেশের নানা জেলায় ২০ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজশাহীর চারঘাট উপজেলা, ঢাকার সাভার উপজেলা এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলা থেকে গতকাল বুধবার রাত ও বৃহস্পতিবার দিনের বিভিন্ন সময়ে তাঁদের আটক করা হয়।
রাজশাহী
রাজশাহীর চারঘাট উপজেলার একটি ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। গতকাল রাত আটটার দিকে তাঁরা চারঘাট উপজেলার পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ঢোকেন।
বিএনপির সমর্থকেরা দাবি করেছেন, আটক ব্যক্তিরা জামায়াতে ইসলামীর কর্মী। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম জানা যায়নি।
কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আকরামুল ইসলাম বলেন, রাত আটটার দিকে চারজন কেন্দ্রে প্রবেশ করলে আনসার সদস্যরা তাঁদের আটক করেন। এর মধ্যে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁদের অবরুদ্ধ করেন। তাঁদের দাবি, কেন্দ্রে প্রবেশকারীরা জামায়াতের কর্মী। পরে রাত ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে তাঁদের থানায় নিয়ে যান।
রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, ভোটের আগের রাতে কোনো ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি নেই। তাঁরা অবৈধভাবে কেন্দ্রে ঢোকায় তাঁদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের চারঘাট থানায় রাখা হয়েছে। তাঁদের বিষয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবেন।
সাভার
ঢাকার সাভারের আশুলিয়ায় পৃথক দুটি ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ১৩ জনকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাঁদের আশুলিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন।
পুলিশ জানায়, দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং নলাম ভোটকেন্দ্রে অবৈধভাবে প্রবেশের অভিযোগে সেনাবাহিনীর একটি দল ১৩ জনকে আটক করে। পরে তাঁদের থানায় হস্তান্তর করা হয়।
আজগর হোসেন বলেন, সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এবং ঢাকা-১৯ (সাভার) আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা-১৯ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের মধ্যে চারজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। মূলত তাঁরা না বুঝে কেন্দ্রে এজেন্টের কাগজ আনতে গিয়েছিলেন। এরপরও ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাকে ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
তিনি আরও বলেন, অপর একটি কেন্দ্র মূলত একটি কিন্ডারগার্টেন এবং ওই স্কুল ভবনে কিছু মানুষ বসবাস করেন। আটক ব্যক্তিরা ওই বাসায় যাওয়ার দাবি করেছেন। তাঁদের রাজনৈতিক পরিচয় এখনো জানা যায়নি। তাঁদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে। পরবর্তী ব্যবস্থা ম্যাজিস্ট্রেট নেবেন।
পটুয়াখালী
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে ১৪ বছর বয়সী এক বিদ্যালয়ছাত্রকে আটক করা হয়েছে। এ সময় তার সহযোগী সোহাগ সিকদারকেও (৪৬) আটক করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কাউছার হামিদ বলেন, তাঁরা দুজন জাল ভোট দেওয়ার চেষ্টা করেছিলেন। এ কারণে তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে কুয়াকাটার ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষের ছবি তোলার অভিযোগে বেলায়েত হোসেন (৪৬) নামের একজনকে আটক করা হয়েছে বলে জানান কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম।
এ ছাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নতুন ভোটারদের তালিকা পৌঁছায়নি বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা মো. নুরুল কবীর। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. এনামুল হক বিষয়টি স্বীকার করে বলেন, নতুন ভোটারদের তালিকা তাঁর কেন্দ্রে দেওয়া হয়নি। তবে কম্পিউটারে খোঁজ করলে নতুন ভোটারদের নাম পাওয়া যাচ্ছে। এ বিষয়ে তাঁর কিছু করার নেই।

Comments
Comments