ফরিদপুরে ৩৬ সেকেন্ডে সংসদ সদস্য প্রার্থীর মোটরসাইকেল চুরি
![]() |
| ছবি: প্রতীকী |
ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. নাজমুল হাসানের (৩৬) মোটরসাইকেল চুরি হয়েছে। গত রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের টেপাখোলা এলাকার বৃন্দাবনের মোড় সংলগ্ন বাসার গ্যারেজ থেকে এটি চুরি হয়।
মো. নাজমুল হাসান পেশায় একজন আইনজীবী এবং ফরিদপুর আদালতে কর্মরত। তিনি সালথা উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের ছোট বাহিরদিয়া গ্রামের বাসিন্দা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসন থেকে তিনি বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে ‘ডাব’ প্রতীকে লড়ছেন।
এই ঘটনায় রোববার সন্ধ্যায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। অভিযোগে নাজমুল হাসান জানান, গত ৮ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে তিনি শহরের বাসার নিচতলার গ্যারেজে মোটরসাইকেলটি রেখে আদালতে যান। বিকেল তিনটার দিকে ফিরে এসে দেখেন গ্যারেজে সেটি নেই। এরপর আশপাশে অনেক খুঁজেও কোনো সন্ধান না পেয়ে বাসার ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) চিত্র পরীক্ষা করেন।
চিত্রগুলোতে দেখা যায়, মুখে কালো মুখোশ পরা এক যুবক দুপুর ১২টা ৩৩ মিনিটের দিকে বাসার গ্যারেজে ঢোকেন। মাত্র ৩৬ সেকেন্ডের মধ্যে তিনি মোটরসাইকেলটি নিয়ে চম্পট দেন।
ঘটনার বিষয়ে মো. নাজমুল হাসান বলেন, ‘আমি থানায় অভিযোগ দিয়েছি এবং মোটরসাইকেলটি উদ্ধারে আইনি ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ জানিয়েছি। ক্যামেরার চিত্রগুলোও পুলিশকে দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুত চোর ধরা পড়বে এবং আমি আমার মোটরসাইকেলটি ফিরে পাব।’
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি কোনো সংঘবদ্ধ চোর চক্রের কাজ। তারা দীর্ঘ সময় ধরে কোনো লক্ষ্যবস্তুর ওপর নজর রেখে এ ধরনের ঘটনা ঘটায়। বিষয়টি নিয়ে আমরা কাজ শুরু করেছি। আশা করছি খুব দ্রুত চোরকে গ্রেপ্তার ও মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হবে।’

Comments
Comments