[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাউফলে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন

প্রকাশঃ
অ+ অ-
বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিএনপি নেতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন। মঙ্গলবার দুপুরে চন্দ্রদ্বীপ ইউনিয়নের খেয়াঘাট এলাকায় | ছবি: পদ্মা ট্রিবিউন   

পটুয়াখালীর বাউফল উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নে এক বিএনপি নেতা ও তাঁর বাহিনীর বিরুদ্ধে চাঁদাবাজি ও নির্যাতনের অভিযোগ এনে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার চন্দ্রদ্বীপ খেয়াঘাট এলাকায় সংবাদ সম্মেলনের পর আয়োজিত এই মানববন্ধনে পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. রুহুল রাঢ়ী ও তাঁর বাহিনীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা চাঁদাবাজি বন্ধ এবং দুর্গম এই এলাকার নিরাপত্তা বাড়াতে সেখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রুহুল রাঢ়ী ও তাঁর বাহিনীর অত্যাচারে ইউনিয়নবাসী অতিষ্ঠ। মানুষ নিজের জমিতে চাষাবাদ করতে পারছে না। কৃষকদের জমি জোর করে অন্য তরমুজ চাষিদের কাছে লিজ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। প্রতিবাদ করলেই জুটে মারধর ও মিথ্যা মামলা।

এক কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, তরমুজ খেতে চারা রোপণের জন্য একটি গর্ত বা ‘তাওয়া’ তৈরি করে তাঁরা তিন টাকা পান। সেখান থেকেও রুহুলের বাহিনীকে এক টাকা করে চাঁদা দিতে হয়। চাঁদা না দিলে মারধর করা হয়।

চরওয়াডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আহসান হাবিব বলেন, চন্দ্রদ্বীপের মানুষের উপার্জনের প্রধান পথ কৃষি ও মাছ ধরা। কিন্তু সবক্ষেত্রেই তাঁদের চাঁদা দিতে হয়। এত দিন মানুষ মুখ বুজে সহ্য করলেও এখন সংসদ সদস্য হিসেবে জামায়াত প্রার্থী নির্বাচিত হওয়ার পর সবাই প্রতিবাদ করার সাহস পাচ্ছেন।

তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা রুহুল রাঢ়ী বলেন, আওয়ামী লীগ সরকারের সময় যারা বিএনপির ওপর নির্যাতন চালিয়েছে, তারাই এখন তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাঁর দাবি, যারা মানববন্ধন করেছে তারা মূলত আওয়ামী লীগের লোক। আওয়ামী লীগকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত করে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন