এইচএসসির ফরম পূরণ শুরু ১ মার্চ, ফি বাড়ল
![]() |
| ফাইল ছবি |
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণের সর্বোচ্চ ফি ২ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের এই ফি দিতে হবে। অন্যদিকে, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসির ফরম পূরণের বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। গত বছর বিজ্ঞান বিভাগে ২ হাজার ৭৮৫ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২ হাজার ২২৫ টাকা ফি ছিল। সেই তুলনায় এবার ফরম পূরণের ফি বেড়েছে ২১০ টাকা।
আগের ঘোষণা অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে। চলতি বছরের পরীক্ষার তারিখ এখনো চূড়ান্ত না হলেও মে-জুন মাসে পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেবল বৈধ নিবন্ধনধারী ও নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই ফরম পূরণ করতে পারবে। তবে সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধিত শারীরিক প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের শর্ত শিথিলযোগ্য।
কলেজগুলোকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে। ওই দিনই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীদের তথ্যসহ সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা থেকে শিক্ষার্থীরা ১ মার্চ থেকে অনলাইনে ফরম পূরণ করতে পারবে। বিলম্ব ফি ছাড়া ৯ মার্চ পর্যন্ত ফরম পূরণ করা যাবে।
তবে ১০০ টাকা বিলম্ব ফিসহ ১১ থেকে ১৮ মার্চ পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করার সুযোগ থাকবে। সে ক্ষেত্রে ফি জমা দেওয়ার শেষ সময় ১৮ মার্চ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ ফরম পূরণ ফি ২ হাজার ৯৯৫ টাকা এবং ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ২ হাজার ৩৩৫ টাকা। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় কোনো শিক্ষার্থীর চতুর্থ বিষয় ও ঐচ্ছিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে অতিরিক্ত ১৪০ টাকা দিতে হবে। এই ফির বাইরে কলেজগুলো শিক্ষার্থীদের কাছ থেকে ২৪ মাসের বেতন বা টিউশন ফি নিতে পারবে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরীক্ষার্থীদের জন্য মডেল টেস্ট বা প্রস্তুতিমূলক পরীক্ষা নিতে পারবে, তবে তা বাধ্যতামূলক নয়। এছাড়া এই পরীক্ষার জন্য অতিরিক্ত কোনো ফি আদায় করা যাবে না।

Comments
Comments