[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মিরসরাইয়ে পা বাঁধা অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার

প্রকাশঃ
অ+ অ-
মরদেহ | প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে গামছা দিয়ে পা বাঁধা অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ১০টায় উপজেলার জোরারগঞ্জ থানার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের ঠাকুরদীঘি বাজারের উত্তর পাশে কৃষিজমিতে তাঁর মরদেহ ফেলে যায় দুর্বৃত্তরা।

নিহত কৃষকের নাম চৌধুরী মিয়া (৪০)। তিনি ওই গ্রামেরই আমিনুল হকের ছেলে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, রাতের কোনো এক সময় তাঁকে হত্যার পর মরদেহ ওই জমিতে ফেলে রাখা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, ‘নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে বিষয়টিকে হত্যাকাণ্ড ধরে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।’

নিহতের বড় বোন আলেয়া বেগম বলেন, তাঁর ভাই কৃষিকাজের পাশাপাশি সেচ যন্ত্র ভাড়া দিতেন। ওই যন্ত্র দিয়ে বিভিন্ন কৃষকের জমিতে পানি দেওয়া হতো। এই হত্যাকাণ্ডের ঘটনায় তাঁরা দুই প্রতিবেশীকে সন্দেহ করছেন। দুদিন আগে ওই প্রতিবেশীদের সঙ্গে তাঁর ভাইয়ের ঝগড়া হয়েছিল। তিনি এই ঘটনার বিচার চান এবং থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন