পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের স্তূপ থেকে নবজাতক উদ্ধার
![]() |
| নবজাতক | প্রতীকী ছবি |
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে এক নবজাতক ছেলেকে উদ্ধার করা হয়েছে। রোববার বেলা সাড়ে তিনটার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক ভবনের পেছনে জিপ গাড়ি রাখার স্থানে ছাইয়ের স্তূপ থেকে শিশুটিকে পাওয়া যায়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বিকেলে জিপ সরানোর সময় চালক ছাইয়ের স্তূপে নবজাতকটিকে দেখতে পান। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব জরুরি বিভাগের চিকিৎসক ও নার্সদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য কমপ্লেক্সের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, বেলা তিনটার দিকে লুঙ্গি পরা এক তরুণ ও দুই নারী নবজাতকটিকে সেখানে রেখে দ্রুত চলে যান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তৈয়ব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্ধারিত সময়ের আগেই শিশুটির জন্ম হয়েছে। কম ওজন ও অপরিণত হওয়ার কারণে শিশুটি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। তবে এক ব্যক্তি শিশুটির চিকিৎসার দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
ঘটনাটি ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে।

Comments
Comments