[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

লাঠিতে ভর করে ভোট দিতে এলেন অশীতিপর মাফিয়া খাতুন

প্রকাশঃ
অ+ অ-
ভোট দিয়ে বের হয়ে আঙুলের কালি দেখাচ্ছেন মাফিয়া খাতুন (৯৩)। আজ সকালে চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকার পাহাড়তলী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে | ছবি: পদ্মা ট্রিবিউন

বয়সের ভারে নুয়ে গেছে মাফিয়া খাতুনের শরীর। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর বয়স ৯৩ বছর। হাঁটাচলায় বেশ কষ্ট হয়। তবু লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে ছিলেন ভোটারদের লাইনে। কিছুক্ষণ অপেক্ষার পর তিনি ভোটকক্ষে ঢোকার সুযোগ পান। ভোট দিয়ে বের হতেই তাঁর মুখে ফুটে ওঠে হাসি। জানালেন, ভোট দিতে পেরে তিনি খুবই খুশি।

চট্টগ্রাম নগরের আকবর শাহ এলাকার পাহাড়তলী বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে মাফিয়া খাতুনের সঙ্গে কথা হয়। সকাল ৯টার দিকে তিনি সেখানে ভোট দেন। এই কেন্দ্রটি চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও নগরের আংশিক) আসনের অন্তর্ভুক্ত। এখানে মোট ভোটার ৬ হাজার ৯০০ জন।

ভোটকেন্দ্রের ভেতরেই মাফিয়া খাতুন বলেন, তাঁর বাড়ি নগরের আকবর শাহ এলাকায়। ছেলের হাত ধরে তিনি কেন্দ্রে এসেছিলেন। তবে ছেলেকে কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। তাই লাঠিতে ভর দিয়ে ফটক থেকে নিজেই কেন্দ্রে ঢোকেন। ভেতরে হাঁটাচলায় অন্যদের সহায়তা নেন। ভোট শেষে ছেলের সঙ্গে বাড়ি ফিরে যাবেন।

চট্টগ্রাম–৪ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৮ হাজার ৩৮০ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৫ হাজার ৩৫২ জন, নারী ২ লাখ ১৩ হাজার ১৬ জন এবং হিজড়া ১২ জন। এই আসনের ১২৪টি ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে মোট প্রার্থী ৯ জন। তাঁরা হলেন বিএনপির মোহাম্মদ আসলাম চৌধুরী এবং ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আনোয়ার ছিদ্দিক। অন্য প্রার্থীরা হলেন গণ অধিকার পরিষদের এ টি এম ফায়েজুল কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. দিদারুল মাওলা, গণসংহতি আন্দোলনের জাহিদুল আলম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জাকারিয়া রাসেল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. মমিনুল মাওলা, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. মশিউল আলম এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. লিয়াকত আলী।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন