[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থককে হত্যা: স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

প্রকাশঃ
অ+ অ-
শাকিল দেওয়ান | ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থক জসিম উদ্দিনকে (৩০) কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের জেলা কমিটির সভাপতি ইদ্রিস মিয়াজী ও সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

অভিযুক্ত শাকিল দেওয়ান মুন্সিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত)। তিনি মুন্সিগঞ্জ সদর উপজেলার চর আবদুল্লাহ গ্রামের বাসিন্দা। তিনি মুন্সিগঞ্জ–৩ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামানের সমর্থক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মুন্সিগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. শাকিলকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এ সিদ্ধান্ত নিয়েছেন।

স্বেচ্ছাসেবক দলের মুন্সিগঞ্জ জেলা কমিটির সভাপতি ইদ্রিস মিয়াজী বলেন, শাকিলের বিরুদ্ধে হত্যার অভিযোগ আছে। তাঁরা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করা হয়েছে। হত্যার অভিযোগে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের চর আবদুল্লাহ গ্রামে নির্বাচনী বিরোধের জেরে বিদ্রোহী প্রার্থীর সমর্থক জসিম উদ্দিন, তাঁর বাবা মাফিক নায়েব ও ভাই মোখলেস নায়েবকে তাঁদের বাড়ির পাশে পিটিয়ে ও কুড়াল দিয়ে কুপিয়ে আহত করেন ধানের শীষের সমর্থক নাসির দেওয়ান ও তাঁর ছেলে শাকিল দেওয়ান। ওই দিন সন্ধ্যা সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান জসিম। তাঁর বাবা ও ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন