অভয়নগরে শিল্পপতির বাড়িতে ককটেল হামলা, ভাঙল জানালার কাচ
![]() |
| বাড়ি লক্ষ্য করে ককটেলের হামলা চালানো হয়। শুক্রবার গভীর রাতে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামে | ছবি: পদ্মা ট্রিবিউন |
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামে শিল্পপতি মোহাম্মদ আলী শেখের বাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়েছে। শুক্রবার গভীর রাতে এ হামলার ঘটনায় বাড়ির নিচতলার থাই গ্লাস (জানালার কাচ) ভেঙে গেছে। তবে ঘটনার সময় বাড়ির মালিক বা পরিবারের কোনো সদস্য সেখানে ছিলেন না।
মোহাম্মদ আলী শেখ অভয়নগরের চেঙ্গুটিয়া এলাকায় অবস্থিত রোমান জুট মিলসের ব্যবস্থাপনা পরিচালক। খবর পেয়ে রাতেই অভয়নগর থানার পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় পুলিশ বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে।
মোহাম্মদ আলী শেখ জানান, তিনি ও তার পরিবারের সদস্যরা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। অভয়নগরের নওয়াপাড়া গ্রামে তার বাড়িটি তালাবদ্ধ ছিল। রাত দেড়টার দিকে একদল দুর্বৃত্ত তার বাড়ি লক্ষ্য করে ককটেল হামলা চালায়। বিস্ফোরণে দোতলা বাড়িটির নিচতলার জানালার কাচ ভেঙে যায়।
আলী শেখের অভিযোগ, এক ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। কয়েক দিন আগেও তার কাছে তিন লাখ টাকা চাঁদা চাওয়া হয়। চাঁদা না দিলে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছিল। তার দাবি, চাঁদা না পেয়েই বাড়িতে এই ককটেল হামলা চালানো হয়েছে। এ বিষয়ে তিনি আইনি ব্যবস্থা নেবেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মনিরুজ্জামান বলেন, শুক্রবার রাত দেড়টার দিকে মোহাম্মদ আলী শেখের বাড়ির পাশে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। সে সময় বাড়িতে কেউ ছিলেন না। খবর পেয়ে পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Comments
Comments