ইউল্যাবের নতুন উপাচার্য সামসাদ মর্তূজা
![]() |
| অধ্যাপক সামসাদ মর্তূজা | ছবি: সংগৃহীত |
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক সামসাদ মর্তূজা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদন অনুযায়ী তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রখ্যাত এই শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ইউল্যাবের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের বিশেষ উপদেষ্টা হিসেবেও কর্মরত ছিলেন।
অধ্যাপক সামসাদ দীর্ঘ ৩২ বছর ধরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে শিক্ষকতা করছেন। তিনি লন্ডনের বার্কবেক কলেজ থেকে ইংরেজি সাহিত্যে পিএইচডি বা উচ্চতর গবেষণা ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের একজন ফুলব্রাইট পরবর্তী গবেষণার ফেলো।
তিনি বর্তমানে পেন বাংলাদেশ এবং বাংলাদেশ ফুলব্রাইট প্রাক্তন ছাত্র সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন। শিক্ষা, গবেষণা ও লেখালেখিতে তাঁর বহুমুখী অবদান দেশের ভেতরে ও বাইরে প্রশংসিত। অধ্যাপক সামসাদের নেতৃত্বে শিক্ষা ও গবেষণাসহ সব ক্ষেত্রে ইউল্যাব আরও সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Comments
Comments