বান্দরবানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আগুন
![]() |
| বান্দরবানে বিএনপির নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে কার্যালয়টির শামিয়ানা পুড়ে যায়। আজ সকালে শহরের হাফেজঘোনা এলাকা থেকে তোলা | ছবি: পদ্মা ট্রিবিউন |
বান্দরবান জেলা শহরে আগুনে পুড়েছে বিএনপির একটি নির্বাচনী কার্যালয়। বিএনপির অভিযোগ, রাতের আঁধারে দুর্বৃত্তরা কার্যালয়টি ভাঙচুর করে আগুন দিয়েছে। এই ঘটনা ঘটেছে সোমবার মধ্যরাতে, বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাফেজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়।
বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কার্যালয়ে অবস্থান নিয়ে রাতেও তারা প্রচারণা চালিয়েছিলেন। অন্যান্য দিনের মতো প্রচারণা শেষ করে রাত ১২টার দিকে তারা চলে যান। এরপরই কার্যালয়টি আগুনে পুড়ে যায়।
সকালে সকাল ১০টার দিকে কার্যালয় পরিদর্শন করলে দেখা গেছে, বান্দরবান-চিম্বুক সড়কের হাফেজঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা দেয়ালের ঘেঁষে অস্থায়ীভাবে কার্যালয়টি তৈরি করা হয়েছিল। আগুনে কার্যালয়ের শামিয়ানা পুড়ে গেছে, চারপাশে চেয়ার ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
বিএনপির প্রার্থী সাচিংপ্রু জেরীর প্রধান নির্বাচনী এজেন্ট মো. মজিবুর রশিদ বলেন, ‘সারা দেশে একটি মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে। সম্ভবত সেই মহলই এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিএনপির নেতা-কর্মীদের আপাত ধৈর্য ধারণ করার পরামর্শ দেওয়া হয়েছে।’
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আরা রিনি জানান, বিএনপি থেকে তার দপ্তরে লিখিত কোনো অভিযোগ আসেনি। পুলিশ তাকে বিষয়টি জানিয়েছে। ঘটনা তদন্তাধীন আছে।

Comments
Comments