সেনাবাহিনীতে বড় রদবদল
![]() |
| লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানকে সেনা সদর দপ্তরের চিফ অব জেনারেল স্টাফ এবং মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে | ছবি কোলাজ |
বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রোববার সেনা সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) প্রধান লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমানকে সেনাসদরের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) করা হয়েছে। অন্যদিকে, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাঁকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি) থেকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
৫৫ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের (ইবিআরসি) প্রধান (কমান্ড্যান্ট) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর ইবিআরসির প্রধান মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
![]() |
| ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ডিজিএফআইয়ের মহাপরিচালক করা হচ্ছে | ছবি: সংগৃহীত |
ভারতে বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার (প্রতিরক্ষা উপদেষ্টা) ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাঁকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এই ছয়টি পদের বাইরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক পদেও রদবদল হচ্ছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। তাঁদের দেওয়া তথ্যমতে, ডিজিএফআইয়ের বর্তমান মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হচ্ছে। অন্যদিকে, এম অ্যান্ড কিউ পরিদপ্তরের ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ডিজিএফআইয়ের নতুন মহাপরিচালক করা হচ্ছে।


Comments
Comments