[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

এবি পার্টির ফুয়াদের প্রচারণায় বাধা, মুলাদীতে জামায়াতের প্রতিবাদ

প্রকাশঃ
অ+ অ-
বরিশাল-৩ আসনের ১০–দলীয় জোটের প্রার্থী আসাদুজ্জামান ভূঁইয়া ফুয়াদের প্রচারণায় বাধা ও মারধরের প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল। শনিবার দুপুরে মুলাদী শহরে | ছবি: পদ্মা ট্রিবিউন

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে ১০–দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী প্রচারণায় বাধা ও মারধরের অভিযোগ উঠেছে যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে শনিবার দুপুরে মুলাদীতে জামায়াতের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

জামায়াতের নেতারা জানান, গতকাল শুক্রবার বিকেলে আসাদুজ্জামানের পক্ষে মুলাদী শহরে প্রচারণা চালাচ্ছিলেন মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আরিফ হোসেন বয়াতি। এ সময় মুলাদী পৌর যুবদলের সদস্য সচিব শাওন হাওলাদার ও তাঁর অনুসারীরা সেখানে উপস্থিত হয়ে বাধা দেন। এর ফলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এই সময় আরিফকে মারধর করা হয় এবং তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। ঘটনায় একাধিক কর্মীও আহত হন।

নিরাপত্তাহীনতার আশঙ্কায় গতকাল সন্ধ্যায় মুলাদী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, এই হামলা নির্বাচন বানচালের উদ্দেশ্যে ভয়ভীতি সৃষ্টির জন্য করা হয়েছে।

প্রতিবাদে আজ শনিবার দুপুর ১২টার দিকে মুলাদী উপজেলার ঈদগাহ ময়দান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মুলাদী কেন্দ্রীয় ঈদগাহে সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সালেহ, সেক্রেটারি মো. মোর্শেদ আলম, সহকারী সেক্রেটারি আবদুল মোতালেব, আবদুল্লাহ আহাদ ভূঁইয়া এবং পৌর জামায়াতের আমির মো. হুমায়ুন কবির।

বিক্ষোভে অংশ নেওয়া ভুক্তভোগী জামায়াত নেতা আরিফ হোসেন বলেন, গতকাল আসাদুজ্জামান ভূঁইয়ার পক্ষে প্রচারণা চলাকালীন মুলাদী পৌর যুবদলের নেতা-কর্মীরা তাঁদের ওপর হামলা চালায়। এ সময় তাঁকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এই ঘটনায় শাওন হাওলাদার, আরিফুর রহমান, মিন্টু ব্যাপারীসহ অর্ধশতাধিক যুবদল কর্মীর জড়িত থাকার অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা শাওন হাওলাদার দাবি করেন, এ ঘটনায় যুবদল জড়িত নয়। তিনি বলেন, শুক্রবার বিকেলে আওয়ামী লীগের সহযোগীরাও আসাদুজ্জামান ভূঁইয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন এবং বিএনপির সমর্থকদের নিয়ে কটূক্তি করায় স্থানীয়রা তাদের ধাওয়া করেছে। এতে যুবদল সম্পৃক্ত নয়।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরাফাত জাহান চৌধুরী বলেন, এ ঘটনায় একটি জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন