[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র আছে: জোনায়েদ সাকি

প্রকাশঃ
অ+ অ-
যুগপৎ আন্দোলনের প্রার্থীর সমর্থকদের আয়োজনে মাথাল প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন জোনায়েদ সাকি। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে | ছবি: পদ্মা ট্রিবিউন

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপির শরিক দল গণসংহতি আন্দোলনের প্রার্থী ও প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, নির্বাচন বানচাল করতে এখনো অনেকের ষড়যন্ত্র চলছে। এ ধরনের দেশি-বিদেশি ষড়যন্ত্র অভ্যুত্থানকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে।

শুক্রবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে জোনায়েদ সাকি এ কথা বলেন। এ সময় তিনি মাথাল মার্কায় ভোট চান।

জোনায়েদ সাকি বলেন, অভ্যুত্থান রায় দিয়েছে, বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। যারা অন্যায় করেছে, তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে। আর এই দেশে কেউ ফ্যাসিবাদী বা জমিদারিতন্ত্র কায়েম করতে পারবে না। ক্ষমতার ভারসাম্য তৈরি করে জবাবদিহি প্রতিষ্ঠা করতে হবে। এছাড়া, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে নির্বাচন প্রয়োজন। তিনি বলেন, ন্যায়বিচার চাইলে, সংস্কার চাইলে এবং নতুন গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাইলে নির্বাচন ছাড়া বিকল্প নেই। গণভোট, নির্বাচন ও সংবিধান সংস্কারের সবকিছুর ক্ষমতা জনগণের হাতে।

মতবিনিময় সভায় জোনায়েদ সাকি আরও বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। অনেকে কারচুপি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করতে পারে। তিনি বলেন, ‘ফ্যাসিস্টরা যেভাবে প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি করে, আমরা নতুন বাংলাদেশের প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি করব না। জনগণের মধ্যে ঐক্য থাকলেই এবং গণতন্ত্র থাকলেই জনগণই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে।’

রাজনৈতিক ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খেটে খাওয়া মানুষের ন্যায্য অধিকার সব মানুষের জন্য—নারী-পুরুষ, ধর্ম-জাতি যা-ই হোক না কেন—প্রতিষ্ঠা করা এবং দেশের মানুষের মধ্যে ঐক্য তৈরি করা আগামী দিনের লক্ষ্য। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের মানুষ যুগপৎ আন্দোলনের লড়াইকে বিজয়ী করে আগামী দিনের সরকার গঠন করবে। বিজয়ী হলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন থেকে সরে দাঁড়ানো সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল খালেক। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম মুসা সঞ্চালনা করেন। অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার, জিয়া উদ্দিন ও উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন