তারেক রহমানের নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী আব্দুল খালেক
![]() |
| আবদুল খালেক | ছবি: সংগৃহীত |
ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে যুগপৎ আন্দোলনের শরিক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে বিএনপি ছেড়ে দিয়েছে। কিন্তু দলীয় নির্দেশ অমান্য করে, দল থেকে বহিষ্কৃত বিএনপি–দলীয় সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক তাঁর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। পরে তাঁকে ঢাকায় ডেকে নিয়ে জোনায়েদ সাকির পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এরপর নির্বাচন থেকে সরে যাচ্ছেন আব্দুল খালেক। তিনি বলেন, ‘দলের বাইরে গিয়ে তো আর পারা যাবে না। চেয়ারপারসন যখন ডেকেছেন, তাঁকে সম্মান করতেই হবে।’
দলীয় সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আব্দুল খালেককে ডেকে বৈঠক করেন। বৈঠকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ হয়। এরপরই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর গুঞ্জন শুরু হয়।
জোনায়েদ সাকিসহ ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। তাঁরা হলেন: জামায়াতে ইসলামীর মো. মহসীন, এনসিপির মো. সফিকুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সাইদউদ্দিন খান, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. হাবিবুর রহমান, গণ অধিকার পরিষদের সফিকুর ইসলাম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কে এম জাবির, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মো. আবু নাসের, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির উপদেষ্টা পদ থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য আব্দুল খালেক, এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি বিএনপি নেতা মো. সাইদুজ্জামান কামাল।
বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল হওয়া বহিষ্কৃত উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মেহেদী হাসান আব্দুল খালেককে সমর্থন দিয়েছেন। উপজেলা বিএনপি ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আব্দুল খালেক ও মেহেদী হাসানের অনুসারী। ভোটের মাঠে তাঁদের উপস্থিতি জোনায়েদ সাকির সবচেয়ে বড় অস্বস্তির কারণ।
জানতে চাইলে আব্দুল খালেক বলেন, ‘চেয়ারপারসন (তারেক রহমান) ডেকেছিলেন। তিনি দলের অবস্থান নিয়ে আলোচনা করেছেন। আমি এলাকার অবস্থা নিয়ে আলাপ করেছি। দলের সার্বিক বিষয় ও শরিক দলের সঙ্গে সমঝোতার বিষয়টি তিনি বুঝিয়ে দিয়েছেন। এ জন্য দলের চেয়ারম্যান আমাদের সহযোগিতা চেয়েছেন। দলের সবাইকে জড়িয়ে বুঝিয়ে রাজি করার জন্য আমাকে বলেছেন। চেয়ারপারসন যখন আদেশ দেন, সেটি মানতে হবে। চেয়ারপারসনের কথা রাখতে হবে। কাজটি করতে হবে, তাঁকে সহায়তা করতে হবে।’
জোটের প্রার্থীর পক্ষে কাজ করবেন কি না প্রশ্ন করলে তিনি বলেন, ‘কাজ করার চেষ্টা করতে হবে। তাঁকে জয়ী করতে হবে। আমি যদি নির্বাচনে থাকি, জোটের প্রার্থী একটি ভোটও পাবেন না।’
সরে দাঁড়াবেন কি না জানতে চাইলে বলেন, ‘আমি এলাকায় যাচ্ছি। নেতা–কর্মীসহ লোকজনের সঙ্গে কথা বলব। তাদের বোঝানোর চেষ্টা করব। তাদের মতামত নিয়ে দেখি। দলের বাইরে গিয়ে তো আর পারা যাবে না। চেয়ারপারসন যখন ডেকেছেন, তাঁকে সম্মান করতেই হবে। আপনারা বিষয়টি জেনে যাবেন।’

Comments
Comments