[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

খালেদা জিয়াকে ঘিরে উৎকণ্ঠা বাড়ছে, নজর এভারকেয়ার হাসপাতালে

প্রকাশঃ
অ+ অ-
খালেদা জিয়া | গ্রাফিকস: পদ্মা ট্রিবিউন    

দেড় সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্বেগ কমছে না।

হাসপাতালের সামনে প্রতিদিনই মানুষের ভিড় বাড়ছে। বিএনপির বাইরে থেকেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সহমর্মিতা জানাচ্ছেন, নিয়মিত খোঁজখবরও রাখছেন। অনেকে নিজে গিয়ে তাকে দেখে এসেছেন।

মঙ্গলবার তিন বাহিনীর প্রধানরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান। সর্বশেষ বুধবার সন্ধ্যায় তাকে দেখতে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি চিকিৎসায় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এদিকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডকে সহায়তা করতে বুধবার সকালে যুক্তরাজ্য থেকে একটি বিশেষজ্ঞ দল এসেছে। রাতে চীন থেকে আরও একদল বিশেষজ্ঞ চিকিৎসক যোগ দিচ্ছেন।

ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষামূলকভাবে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এভারকেয়ারের পাশের মাঠে সেনা ও বিমানবাহিনীর দুটি বিমান উড্ডয়ন ও অবতরণ করবে। এ কারণে যেন কেউ বিভ্রান্ত না হন। সব মিলিয়ে খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতি জানতে এখন পুরো দেশের নজর এভারকেয়ার হাসপাতালের দিকে।

হাসপাতালের সামনে আবারও বাড়ছে ভিড় 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন দলের নেতা-কর্মীরা, ২ ডিসেম্বর | ছবি: পদ্মা ট্রিবিউন

দলের কড়াকড়ি নির্দেশনার কারণে মঙ্গলবার হাসপাতালের সামনে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় কিছুটা কম ছিল। তবে বুধবার আবার উপস্থিতি বাড়ে। দুপুর থেকে রাত পর্যন্ত রাস্তার দুই পাশে মানুষের সারি দেখা যায়। অনেকে আলাদা আলাদা হয়ে দাঁড়িয়ে বা বসে ছিলেন। দায়িত্বশীল নেতারা বারবার সরে যেতে অনুরোধ করলেও কেউ তা মানছেন না। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হচ্ছে সংগঠনের নেতাদের। সেখানে উপস্থিত ভাটারা থানা মহিলা দলের কয়েকজন নেত্রী বলেন, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নেত্রীর প্রতি ভালোবাসা থেকেই তারা বারবার ছুটে আসছেন।

গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে | ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ

দেড় সপ্তাহে গণমাধ্যমের প্রধান শিরোনাম
গত ২৩ নভেম্বর গুরুতর অসুস্থ অবস্থায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে টানা ১১ দিন ধরে দেশবাসীর উদ্বেগ কমেনি। সকলের একটাই প্রশ্ন—তার বর্তমান শারীরিক অবস্থা কেমন?

দেশের প্রধান গণমাধ্যমগুলো প্রতিদিনই শিরোনামে তার খবর তুলে ধরছে। বিএনপি বিটের সাংবাদিকদের প্রায় নিশ্ছিদ্র রাত কাটছে হাসপাতালের সামনে। মেডিক্যাল টিম নির্ধারিত সময় ছাড়া ব্রিফ না করলেও সাংবাদিকরা ঘণ্টায় ঘণ্টায় আপডেট দিচ্ছেন। শুধু দেশেই নয়, বিদেশি গণমাধ্যমেও গুরুত্ব দিয়ে প্রচার হচ্ছে খালেদা জিয়ার অসুস্থতার খবর।  

তিন বাহিনীর প্রধানদের পর গেলেন প্রধান উপদেষ্টা, দিলেন আশ্বাস
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে বুধবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনি প্রায় আধা ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন এবং ভেতরে গিয়ে খালেদা জিয়ার খোঁজ নেন।

খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত থাকা চিকিৎসক দল প্রধান উপদেষ্টাকে ব্রিফ করেন। তারা জানান, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জনস হপকিন্স, যুক্তরাজ্য, চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের তত্ত্বাবধান ও সহায়তায় বেগম জিয়ার চিকিৎসা চলছে।

এ সময় প্রধান উপদেষ্টা তার চিকিৎসায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

সন্ধ্যা ৭টার কিছু পর হাসপাতালে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ. জে. এম. জাহিদ হোসেন, অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, খালেদা জিয়ার ছোট ছেলের স্ত্রী শার্মিলা রহমান এবং ছোট ভাই শামীম ইসকান্দার।

এর আগে মঙ্গলবার রাতে তাকে দেখতে যান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

মেডিক্যাল বোর্ডে যুক্তরাজ্যের চিকিৎসক, রাতে আসছে চীনা বিশেষজ্ঞ দল
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডকে সহযোগিতা করতে বুধবার ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিয়েল।

শুরু থেকেই অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিক্যাল বোর্ড তার চিকিৎসা তদারকি করছে।

ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, কাতার, সিঙ্গাপুর, পাকিস্তান, ভারতসহ অনেক বন্ধুপ্রতিম দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহযোগিতা করছেন। 

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সদস্যরা। বুধবার তোলা | বি: পদ্মা ট্রিবিউন

সর্বত্রই উদ্বেগ, দৃষ্টি এখন এভারকেয়ারে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে শুধু বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মধ্যেও গভীর উদ্বেগ তৈরি হয়েছে। অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও তার প্রতি সহমর্মিতা জানাচ্ছেন। অনেকেই হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছেন।

সর্বশেষ মঙ্গলবার তাকে দেখতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকর রহমান। বুধবার দুপুরে এভারকেয়ারে পৌঁছান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তারা বলেন, খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন; সব রাজনৈতিক ধারার কাছেই তিনি সম্মানিত। তাই দলমত নির্বিশেষে অনেকেই তার প্রতি আন্তরিকতা প্রকাশ করছেন।

রাজনৈতিক দলের বাইরেও বিভিন্ন পেশার মানুষ নিয়মিতই খালেদা জিয়ার খবর নিচ্ছেন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন