[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বাবার সমাধির সামনে জলভরা চোখে তারেক রহমান

প্রকাশঃ
অ+ অ-

বাবার কবরের সামনে দাঁড়িয়ে দুহাত তুলে মোনাজাত করেন তারেক রহমান। তিনি কিছুক্ষণ একা নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় তাঁকে চোখ মুছতে দেখা যায় | ছবি: বাসস

দেড় যুগ পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির সামনে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; জলভরা চোখে বাবার জন্য দোয়া ও মোনাজাত করলেন তিনি।

লন্ডনে ১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফেরার পরদিন আজ শুক্রবার বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে যান তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দোয়া ও মোনাজাত করেন।

প্রথমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। পরে বাবার কবরের সামনে দাঁড়িয়ে দুহাত তুলে মোনাজাত করেন তারেক রহমান। কিছুক্ষণ একা নীরবে দাঁড়িয়ে তিনি চোখ মুছতে দেখা যায়।

বাবার কবর জিয়ারত করে দোয়া পাঠ করেন তারেক রহমান। ২৬ ডিসেম্বর | ছবি: বিএনপির মিডিয়া সেল

১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সময় তারেকের বয়স ১৬ বছর। আওয়ামী লীগের শাসনামলে ২০১৫ সালে নির্বাসনে থাকা অবস্থায় ছোট ভাই আরাফাত রহমান কোকোকেও হারান তিনি। মায়ের পাশাপাশি দুই ভাই ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর গ্রেপ্তার হন, ২০০৮ সালে মুক্তি পাওয়ার পর তারেক যুক্তরাজ্য এবং আরাফাত মালয়েশিয়ায় যান।

ছাত্র গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার ১৫ মাস পর গতকাল দেশে ফেরেন তারেক রহমান। তখন তাঁর মা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন।

জিয়া উদ্যানে লেকের পাশে নেতা–কমীদের ভিড় | ছবি: পদ্মা ট্রিবিউন

গতকাল ফেরার পর লাখ লাখ বিএনপি সমর্থকের উপস্থিতির মধ্যে পূর্বাচলে জুলাই এক্সপ্রেসওয়েতে সংবর্ধনা নেন তারেক রহমান। এরপর যান বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে মাকে দেখতে। রাত কাটান গুলশানে তাঁর জন্য তৈরি করা বাড়িতে।

আজও কড়া নিরাপত্তার মধ্যে বুলেটপ্রুফ বাসে গুলশানের বাড়ি থেকে বের হয়ে জিয়া উদ্যানে রওনা হন তিনি। কর্মসূচি ঘিরে ছিল নেতা-কর্মীদের ভিড়। বাসের ভেতরে দাঁড়িয়ে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন তিনি।

জিয়া উদ্যান থেকে বেরিয় যাওয়া সময় নেতা–কর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান তারেক রহমান। ২৬ ডিসেম্বর | ছবি: পদ্মা ট্রিবিউন

বিকেল সাড়ে চারটার দিকে বাস থেকে নেমে হেঁটে বাবার কবরে যান। নিরাপত্তা বাহিনীকে সামাল দিতে বেশ কষ্ট হয়। সেখানে ১০ মিনিট ছিলেন তারেক রহমান। এরপর তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে রওনা হন।

আগামীকাল ভোটার হওয়ার প্রক্রিয়া সারতে তিনি আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যাবেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের কথা রয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনের আগে তারেক রহমানের ফেরায় বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন