[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

স্মৃতিসৌধে শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা

প্রকাশঃ
অ+ অ-
স্মৃতিসৌধে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান | ছবি: বিএনপির মিডিয়া সেলের সৌজন্যে

ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাত ১০টা ৫ মিনিটের দিকে তিনি মূল ফটক দিয়ে স্মৃতিসৌধ চত্বরে প্রবেশ করেন। এরপর বেদির সামনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, পরে তারেক রহমান স্মৃতিসৌধে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

স্মৃতিসৌধে পৌঁছাতে দীর্ঘ সময় লাগায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান, বলেছে বিএনপির পক্ষ।

এর আগে বিকেলে তারেক রহমানের পক্ষে দলের নেতারা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। বিকেল ৫টা ১৭ মিনিটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় স্মৃতিসৌধের মূল ফটকে সাংবাদিকদের বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দিয়েছেন। পুষ্পস্তবক অর্পণের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের আগে এটি করতে হয়, তাই আমরা ৫টা ৬ মিনিটে তাঁর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেছি।’

লন্ডনে ১৭ বছর নির্বাসিত থাকার পর দেশে ফেরার পরদিন, শুক্রবার বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে যান তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দলের প্রতিষ্ঠাতার প্রতি ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান এবং দোয়া-মোনাজাত করেন।

স্মৃতিসৌধে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারেক রহমান | ছবি: বিএনপির মিডিয়া সেলের সৌজন্যে

প্রথমে তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও ২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন। এরপর বাবার কবরের সামনে দাঁড়িয়ে দুহাত তুলে মোনাজাত করেন। কিছুক্ষণ একা নীরবে দাঁড়িয়ে থাকার সময় চোখ মুছতে দেখা যায় তাকে। এরপর সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে রওনা হন। রাত ১০টা ৫ মিনিটে স্মৃতিসৌধে পৌঁছান তিনি।

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্মৃতিসৌধে এসে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। স্মৃতিসৌধ চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সবাইকে ধন্যবাদ জানান। রাত ১০টা ৩২ মিনিটে তিনি মূল ফটক দিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন