[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মনোনয়নবঞ্চিতদের ‘থামাতে না পেরে’ ফরিদগঞ্জ বিএনপির সব কমিটি স্থগিত

প্রকাশঃ
অ+ অ-
চাঁদপুর জেলা বিএনপির সংবাদ বিজ্ঞপ্তি | ছবি: সংগৃহীত

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদকে ধানের শীষ প্রার্থী ঘোষণা করার পর থেকে দলের মনোনয়নবঞ্চিত নেতাদের মধ্যে ‘বিদ্রোহ’ শুরু হয়েছে। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও মনোনয়নপ্রত্যাশী এম এ হান্নানসহ অনেক নেতা-কর্মী হারুনুর রশিদের মনোনয়নের বিরোধিতা শুরু করেন।

এ পরিস্থিতিতে কেন্দ্রীয় বিএনপি ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সব কমিটির কার্যক্রম স্থগিত করেছে। দলের স্থানীয় অনেক নেতা-কর্মী জানিয়েছেন, মনোনয়নবঞ্চিত নেতাদের থামাতে না পারায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম সলিম উল্যা (সেলিম) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় নির্দেশে চাঁদপুর জেলায় ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিসহ সব ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সাংগঠনিক কার্যক্রম শনিবার থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে। পরে নতুন কমিটি ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তির অনুলিপি দলীয় মহাসচিবসহ বিভাগীয়, জেলা ও উপজেলা কমিটি এবং ধানের শীষ মনোনীত প্রার্থী মো. হারুনুর রশিদকে পাঠানো হয়েছে।

ফরিদগঞ্জ আসনে হারুনুর রশিদ ছাড়াও মনোনয়নপ্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটওয়ারী, বিএনপিসমর্থিত সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোজাম্মেল এবং আইনজীবী আব্বাস উদ্দিন। দল মনোনয়ন না দিলেও তারা সবাই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান বলেন, ‘শুনেছি আমাকে ও আমার দলের বিভিন্ন ইউনিটের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তবে আমাদের বহিষ্কার করা হয়নি। আমি দলীয় মনোনয়ন পাইনি, এতে কোনো দুঃখ নেই। কারণ ফরিদগঞ্জ উপজেলার সব কমিটির সমর্থন আমার পক্ষে রয়েছে। তাই ধানের শীষ পাই আর না পাই, আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করব।’

ফরিদগঞ্জ বিএনপির সব কমিটি স্থগিত প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সলিম উল্যা বলেন, ‘আমরা অনেকবার চেষ্টা করেছি সবাই যেন এক হয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচন করেন। কিন্তু আমরা সফল হতে পারিনি। কেন্দ্রকে বিষয়টি জানালে তারা আমাদের নির্দেশ দেন, ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটিসহ সকল ওয়ার্ড ও ইউনিয়ন কমিটির সাংগঠনিক কার্যক্রম স্থগিত করতে।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন