দেশের পথে তারেক রহমান
![]() |
| লন্ডনের হিথরো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাতে তিনি দেশের উদ্দেশে যাত্রা করেছেন | ছবি: পদ্মা ট্রিবিউন |
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন শেষে দেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সপরিবারে দেশে ফিরছেন।
![]() |
| দেশে আসার পথে উড়োজাহাজের ভেতরে বাবা-মায়ের সঙ্গে জাইমা রহমানের সেলফি | ছবি: বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে থেকে |
লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বুধবার রাত সোয়া ১২টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, সপরিবারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রওনা হয়েছেন। তাদের ফ্লাইট বিমানবন্দর ছেড়েছে।
তারেক রহমানের একমাত্র সন্তান জাইমা রহমান উড়োজাহাজের ভেতরে তাদের তিনজনের একটি সেলফি এবং বিমানবন্দরের আরও দুটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘মাতৃভূমি বাংলাদেশে ফিরছি’।
তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকালে সিলেটে পৌঁছাবে। যাত্রাবিরতির পর বেলা ১১টা ২০ মিনিটে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।
![]() |
| স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনের হিথরো বিমানবন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাতে | ছবি: পদ্মা ট্রিবিউন |
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানাতে দেশে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিমানবন্দরে তাকে স্বাগত জানানোর পর সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছে।
দেশের পথে লন্ডনের বাসা ছেড়ে বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ১০টার দিকে তারেক রহমান হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী পর্যন্ত গিয়ে তারা তাদের নেতাকে বিদায় জানান।
তার এই প্রত্যাবর্তন ঘিরে দেশে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন।
এরপর তিনি সড়ক পথে এভারকেয়ার হাসপাতালে যাবেন। যাওয়ার পথে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে, অর্থাৎ ৩০০ ফুট এলাকায় বিএনপি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করেছে।
তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির আহ্বায়ক এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এর আগে বলেন, ‘৩০০ ফুটে সংক্ষিপ্ত অনুষ্ঠান হবে। সেখানে তিনি দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন’।
এরপর তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসায় যাবেন তারেক রহমান। এই বাসায়ই তিনি থাকবেন।
শুক্রবার দ্বিতীয় দিনের কর্মসূচিতে জুমার নামাজের পর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত করার কথা রয়েছে। এরপর সড়ক পথে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।
সালাহউদ্দিন বলেন, ‘পরদিন তারেক রহমান নিজে ভোটার হতে যেসব প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, সেগুলো করবেন। এ ছাড়া সেদিন শরীফ ওসমান হাদির কবর জিয়ারত এবং পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে যাবেন। তবে এসব কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি। সময় হলে দিনের কর্মসূচি সংবাদমাধ্যমকে জানানো হবে’।




Comments
Comments