জরুরি বৈঠকে উপদেষ্টা পরিষদ, যোগ দিলেন মির্জা ফখরুলও
| মির্জা ফখরুল ইসলাম আলমগীর | গ্রাফিক্স: পদ্মা ট্রিবিউন |
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শেষকৃত্যের বিষয়ে সিদ্ধান্ত নিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ জরুরি বৈঠকে বসেছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১০টার পর রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় শুরু হওয়া এই বৈঠকে বিশেষ আমন্ত্রণে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমাদের অভিভাবক, বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বর্তমান কেয়ারটেকার সরকার তাদের শোক জানিয়েছে।
তিনি বলেন, ‘আজ আমাকে দেশনেত্রীর জানাজা, দাফন এবং অন্ত্যেষ্টিক্রিয়ার সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সমন্বয়ের দায়িত্ব নিয়ে কেবিনেট মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে এ বিষয়ে আলোচনা হয়েছে।’
ফখরুল আরও বলেন, ‘কিছুক্ষণ পরই আপনারা বিষয়গুলো জানতে পারবেন। তাদের প্রেস সেক্রেটারি আপনাদের জানাবেন। আমাদের প্রধান উপদেষ্টা সম্ভবত জাতির উদ্দেশ্যে একটি ভাষণও দেবেন। সবকিছু আপনারা তাঁদের কাছ থেকেই জানতে পারবেন।
তিনি বলেন, ‘যেহেতু এটি তাদের বৈঠক, তাই তারাই জানাবেন, সেটাই ভালো। আমাদের বিষয়গুলো আমরা সকালে আপনাদের জানিয়েছি। আজ সাড়ে ১২টার সময় আমাদের স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠক আছে। সেখানে আমাদের সব সিদ্ধান্ত চূড়ান্ত করে আবারও আপনাদের জানানো হবে।
তিনি বলেন, ‘সময় অনুযায়ী আমরা আপনাদের জানাতে থাকব। এ ক্ষেত্রে আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। আপনারা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।’
৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ‘আপসহীন নেত্রী’ অভিধা পাওয়া খালেদা জিয়া বিএনপির নেতৃত্ব দিয়েছেন ৪১ বছর। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তিনবার প্রধানমন্ত্রী এবং দুইবার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন।
Comments
Comments