চট্টগ্রামের এক আসনে বিএনপির তিন নেতা মনোনয়নপত্র জমা দিলেন
![]() |
| চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির তিন নেতা—নাজমুল মোস্তফা আমিন (দলীয় প্রার্থী), মুজিবুর রহমান ও জামাল হোসেন | ছবি: সংগৃহীত |
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন প্রার্থীরা। বৃহস্পতিবার ১৮ প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন, যাদের মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের নেতা রয়েছেন। চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির তিন নেতা।
দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন চট্টগ্রাম-১৫ থেকে মনোনয়নপত্র নিয়েছেন। তাঁকে দল মনোনয়ন দিয়েছে। একই আসন থেকে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন ও মজিবুর রহমানও মনোনয়নপত্র নিয়েছেন। ৪ ও ৬ ডিসেম্বর দুই দিন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন মুজিবুর রহমানের অনুসারীরা। তাঁদের দাবি ছিল, নাজমুল মোস্তফা আমিনের পরিবর্তে মুজিবুর রহমানকে প্রার্থী করতে হবে। স্থানীয়রা বলছেন, এ কারণে আসনটি ঘিরে বিএনপির মধ্যে কোন্দল প্রকাশ পেয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) থেকে, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) থেকে, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) থেকে, দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম-১২ (পটিয়া) থেকে মনোনয়নপত্র নিয়েছেন। এছাড়া দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) থেকে এবং কাজী মোহাম্মদ সালাউদ্দিন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) থেকে মনোনয়নপত্র নিয়েছেন।
জামায়াতে ইসলামী প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মনোনয়নপত্র নিয়েছেন মোহাম্মদ ফরিদুল আলম, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) থেকে হাটহাজারী উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মোহাম্মদ আবদুল মালেক চৌধুরী, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) থেকে বোয়ালখালী জামায়াতে ইসলামের নায়েবে আমির মো. আবু নাছের মনোনয়নপত্র নিয়েছেন।
অন্য প্রার্থীদের মধ্যে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) থেকে এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদের ছেলে ওমর ফারুক, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ জুলফিকার আলী, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) থেকে আপ বাংলাদেশের মোহাম্মদ ইমাম উদ্দিন মনোনয়নপত্র নিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র নিয়েছেন চট্টগ্রাম-৯ থেকে মিলন কান্তি শর্মা, চট্টগ্রাম-২ থেকে জিন্নাত আকতার এবং চট্টগ্রাম-১৪ থেকে মোহাম্মদ মিজানুল হক চৌধুরী।
চট্টগ্রামে মোট ১৬টি সংসদীয় আসন রয়েছে। এবার রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী। এর বাইরে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা নির্বাচন কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। মনোনয়নপত্র সংগ্রহ তাদের কার্যালয় থেকে করা যাবে।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর, এবং বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত।

Comments
Comments