শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে নারীর মৃত্যু
| আগুন পোহানো | প্রতীকী ছবি |
বগুড়ার শেরপুরে আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান কৈকি রানী তাঁতী (৭৩)।
কৈকি রানীর বাড়ি উপজেলার হাতিগারা গ্রামে। তাঁর পরিবারের সদস্যরা বলেন, গত বুধবার সকালে রান্না শেষ করে চুলার আগুনে শীত নিবারণের চেষ্টা করছিলেন কৈকি। এ সময় তাঁর পরনের কাপড়ে আগুন লেগে যায়। তিনি দগ্ধ হন। গুরুতর অবস্থায় প্রথমে তাঁকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ওই নারীর মৃত্যুসংবাদ তিনি রাতে পেয়েছেন। পরে থানা-পুলিশের মাধ্যমে রাতেই তাঁর লাশ বাড়িতে আনা হয়। আজ শনিবার মরদেহের সৎকার সম্পন্ন হবে।
শেরপুর থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
Comments
Comments