বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ, পরে কুড়াল নিয়েই থানায় যুবক
![]() |
| নিহত মুনতাসির ফাহিম | ছবি: সংগৃহীত |
ময়মনসিংহের ত্রিশালে সরকারি নজরুল একাডেমি মাঠে মুনতাসির ফাহিম (২২) নামের একজন তরুণ ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন। তাঁর বন্ধু অহিদুল ইসলাম (২২) এই হত্যার অভিযোগে অভিযুক্ত। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে নয়টায় ঘটনাটি ঘটে।
নিহত মুনতাসির ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। অভিযুক্ত অহিদুল ইসলাম ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
স্বজনেরা জানান, মুনতাসির ফাহিম মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন। চার মাস আগে দেশে আসেন। আগামী শনিবার তাঁর মালয়েশিয়া ফেরার কথা ছিল; ২৫ ডিসেম্বর থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল।
পুলিশ জানিয়েছে, গতকাল রাত নয়টার দিকে একটি ‘চায়নিজ কুড়াল’ হাতে নিয়ে থানায় উপস্থিত হন অহিদুল ইসলাম। তিনি পুলিশকে বলেন, ‘ফাহিম আমার জীবন নষ্ট করে দিয়েছে, তাই তাকে চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছি।’ পরে পুলিশ তাঁকে আটক করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি স্কুল মাঠে গেলে পূর্ব পাশে পানির ট্যাংকের কাছে ফাহিমের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
ফাহিমের বাবা রেজাউল ইসলাম বলেন, ‘কেন আমার ছেলেকে হত্যা করল জানি না। কী ক্ষোভ ছিল? আমার ছেলে তো দেশেই থাকত না। এভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করল?’
ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ বলেন, ওই দুই তরুণের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। হত্যা করার পর অভিযুক্ত তরুণ থানায় এসে জানান, তাঁর জীবন নষ্ট হয়েছে, তাই তিনি ফাহিমকে হত্যা করেছেন। এর বাইরে আর কিছু জানাননি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আটক তরুণকে জিজ্ঞাসাবাদ করে হত্যার কারণ জানা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Comments
Comments