[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

নিখোঁজের ৮ দিন পর কুষ্টিয়ার শ্রমিক দল নেতার লাশ পাওয়া গেছে

প্রকাশঃ
অ+ অ-
আবেদুর রহমান আন্নু  | ছবি: পরিবারের কাছ থেকে সংগৃহীত

ট্রলারের ধাক্কায় নিখোঁজ হওয়ার ৮ দিন পর ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদী থেকে শ্রমিক দলের এক নেতার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

সোমবার সন্ধ্যা ছয়টার দিকে ডিগ্রিরচর ইউনিয়নের কবিরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মরদেহটি কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার আবেদুর রহমান ওরফে আন্নুর (৫৬)। তিনি কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক। এর আগে ১৬ নভেম্বর বেলা ১১টার দিকে এক নৌ দুর্ঘটনায় পদ্মা নদীতে নিখোঁজ হন তিনি।

পুলিশ ও পরিবারের সূত্র জানায়, ১৬ নভেম্বর সকাল ৯টার দিকে আবেদুর কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীর মোহনায় যান। বেলা ১১টার দিকে চর ভবানীপুর এলাকায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই বাল্কহেড ট্রলারের সঙ্গে তাঁকে বহনকারী ডিঙি নৌকার ধাক্কা লাগে। এতে আবেদুর ও নৌকার মাঝি পানিতে পড়ে যান। স্থানীয় জেলেরা নৌকার মাঝিকে উদ্ধার করলেও আবেদুরের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে দীর্ঘ সময় তল্লাশি চালালেও তার সন্ধান পাননি।

১৭ নভেম্বর আবেদুর স্ত্রী জিয়াসমিন আরা রুমা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

গতকাল রাতে আবেদুরের পরিবারের সদস্যরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মোশারফ হোসেন। তিনি জানান, গতকাল সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর সদর উপজেলার কবিরপুর এলাকায় পদ্মা নদীর চরে এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে লাশটি কুষ্টিয়ায় পাঠানো হবে। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন