[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

দুই দিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী

প্রকাশঃ
অ+ অ-
যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান | ছবি: ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থী বিশেষ করে নারী ও কন্যাশিশুদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যান। দুই দিনের সফরে তিনি বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছাবেন।

ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ব্যারোনেস জেনি চ্যাপম্যান দুই দিনের সফরে যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা এবং নারী ও কন্যাশিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে কাজ করা বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করবেন।

সফরকালে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন। কক্সবাজার সফরের পাশাপাশি তিনি অনিয়মিত অভিবাসন বিষয়ে যুক্তরাজ্য-বাংলাদেশ সহযোগিতার ওপর এক গোলটেবিল আলোচনায় অংশ নেবেন।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, সফরের প্রথম দিন জেনি চ্যাপম্যান ঢাকায় এসে কক্সবাজারে যাবেন। সেখানে সারাদিন রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন ও বিভিন্ন বৈঠক শেষে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন। এরপর তিনি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরদিন শুক্রবার তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বিডার চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন। সফরে তিনি বাংলাদেশে বর্তমান পরিস্থিতি ও দুই দেশের সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করবেন।

যুক্তরাজ্য এখনো মনে করে, রোহিঙ্গাদের জন্য নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ পরিবেশ তৈরি হলে তাদের মিয়ানমারে প্রত্যাবাসন করা উচিত। সম্প্রতি রোহিঙ্গাদের জন্য নতুন করে ২৭ মিলিয়ন পাউন্ড সহায়তা ঘোষণা করার পরই আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রীর এই সফর হচ্ছে। এই সহায়তা দিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া পাঁচ লাখের বেশি রোহিঙ্গাকে জীবনরক্ষাকারী মানবিক সহায়তা দেওয়া হবে।

সফরের আগে ব্যারোনেস চ্যাপম্যান বলেন, যুক্তরাজ্য গর্বের সঙ্গে বাংলাদেশের সত্যিকারের অংশীদার হিসেবে কাজ করছে। বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা থেকে শুরু করে জলবায়ু সংকট মোকাবিলা ও অনিয়মিত অভিবাসন প্রতিরোধে দুই দেশের যৌথ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন