[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিল ব্রাজিল

প্রকাশঃ
অ+ অ-
ডেঙ্গুর টিকা প্রতীকী ছবি

বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিয়েছে ব্রাজিল। স্থানীয় সময় বুধবার ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ এই টিকার অনুমোদন দিয়ে একে ‘ঐতিহাসিক অর্জন’ বলে উল্লেখ করেছে। উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী এই রোগ ছড়িয়ে পড়ছে—এ অবস্থায় ব্রাজিল টিকার ব্যবহার শুরু করছে।

ব্রাজিলের স্বাস্থ্য খাত নিয়ন্ত্রণকারী সংস্থা এনভিসা ১২ থেকে ৫৯ বছর বয়সী ব্যক্তিদের জন্য বুটানটান-ডিভি নামের এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে। টিকাটি তৈরি করেছে ব্রাজিলের সাও পাওলোভিত্তিক প্রতিষ্ঠান বুটানটান ইনস্টিটিউট।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যে জানানো হয়েছে, বর্তমানে বিশ্বে ডেঙ্গুর টিকা আছে শুধু টিএকে-০০৩ নামে একটি। এই টিকা নিতে হয় দুই ডোজে, তিন মাসের ব্যবধানে।

ব্রাজিলজুড়ে আট মাস পরীক্ষা চালানোর পর এক ডোজের নতুন এই টিকার অনুমোদন দেওয়া হয়েছে। এতে এখন সহজে ও দ্রুত দেশজুড়ে ডেঙ্গুর টিকা দেওয়া সম্ভব হবে।

সাও পাওলোতে এক সংবাদ সম্মেলনে বুটানটান ইনস্টিটিউটের পরিচালক এসপার কালাস বলেন, ‘ব্রাজিলে বিজ্ঞান ও স্বাস্থ্য খাতের জন্য এটা একটি ঐতিহাসিক অর্জন।’ তিনি আরও বলেন, ‘দশকের পর দশক ধরে যে রোগ আমাদের বিপর্যস্ত করে রেখেছে, তার বিরুদ্ধে এখন খুব শক্তিশালী একটি অস্ত্র দিয়ে লড়াই করা যাবে।’

এই টিকা উৎপাদনের জন্য ব্রাজিল চীনের কোম্পানি উসিবায়োলোজিক্সের সঙ্গে একটি চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় তিন কোটি ডোজ টিকা সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।

টিকা ব্যবহারের অনুমোদনের আগে ব্রাজিলে ১৬ হাজার স্বেচ্ছাসেবকের শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। তাতে গুরুতর ডেঙ্গু সংক্রমণের বিরুদ্ধে কার্যকারিতা পাওয়া গেছে ৯১ দশমিক ৬ শতাংশ।

এডিস এজিপ্টি মশার মাধ্যমে মানুষের দেহে ডেঙ্গু ছড়ায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বিশ্বে এ পর্যন্ত সর্বোচ্চ ১ কোটি ৪৬ লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন প্রায় ১২ হাজার মানুষ।

গত বছর এসব মৃত্যুর অর্ধেকই হয়েছে ব্রাজিলে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক গবেষণায় বলা হয়, এ বছর যত ডেঙ্গু সংক্রমণ হয়েছে, তার ১৯ শতাংশের জন্য দায়ী বৈশ্বিক উষ্ণায়ন।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন