[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

বিদায় তিন গোয়েন্দার স্রষ্টা রকিব হাসান

প্রকাশঃ
অ+ অ-
রকিব হাসান | ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দা’র স্রষ্টা লেখক রকিব হাসান মারা গেছেন। সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মূর ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, আজ বুধবার কিডনির ডায়ালাইসিস চলাকালীন সময়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর জীবনাবসান ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর ১০ মাস।

১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন রকিব হাসান। বাবার চাকরির কারণে শৈশব কেটেছে ফেনীতে। সেখান থেকেই স্কুলজীবন শেষ করে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও অফিসের বাঁধাধরা জীবনে তাঁর মন টেকেনি। অবশেষে তিনি লেখালেখিকেই বেছে নেন জীবনের একমাত্র পথ হিসেবে।

সেবা প্রকাশনী থেকেই রকিব হাসানের লেখকজীবন শুরু হয়। প্রথমে তিনি বিশ্বসেরা ক্লাসিক বই অনুবাদ করে লেখালেখিতে প্রবেশ করেন। এরপর টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজা সিরিজসহ চার শতাধিক জনপ্রিয় বই লেখেন। তবে তাঁর সবচেয়ে পরিচিত কাজ হলো ‘তিন গোয়েন্দা’ সিরিজ। এই সিরিজ বাংলাদেশের অসংখ্য কিশোর-কিশোরীর কৈশোরের সঙ্গী।

মূলত রবার্ট আর্থারের ‘থ্রি ইনভেস্টিগেটরস’ সিরিজের ওপর ভিত্তি করে ‘তিন গোয়েন্দা’ শুরু হয়। কিন্তু রকিব হাসানের লেখনশৈলীতে এটি পেয়েছে একেবারে নতুন রূপ। এটি এখন বাংলাদেশের সাহিত্য হিসেবে পরিচিত। এই সিরিজের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন হাজারো কিশোর পাঠকের প্রিয় লেখক।

নিজ নামে লেখার পাশাপাশি তিনি বিভিন্ন ছদ্মনামও ব্যবহার করেছেন। শামসুদ্দীন নওয়াব নামে তিনি জুল ভার্নের বই অনুবাদ করেছেন।

বাংলাদেশের পাঠকদের কাছে রকিব হাসান শুধু একজন গোয়েন্দা লেখক নন, তিনি কয়েক প্রজন্মের শৈশব ও কৈশোরের প্রিয় মানুষ। 

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন