[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

মাদারীপুরে ইসলামী ব্যাংকে গিয়ে জামায়াত নেতার ‘হুমকি’, ভিডিও ভাইরাল

প্রকাশঃ
অ+ অ-
মাদারীপুরে জামায়াতে ইসলামীর নেতা আবদুর রহিম ইসলামী ব্যাংকের একটি শাখায় প্রবেশ করে কর্মকর্তাদের টেনেহিঁচড়ে ব্যাংক থেকে বের করে দেওয়ার হুমকি দেন | ছবি: ভিডিও থেকে নেওয়া

মাদারীপুরে ইসলামী ব্যাংকের একটি শাখায় গিয়ে ‘অবৈধ’ কর্মকর্তাদের টেনেহিঁচড়ে বের করে দেওয়ার হুমকি দিয়েছেন জামায়াতে ইসলামীর এক নেতা। তাঁর ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

হুমকি দেওয়া ওই নেতার নাম আবদুর রহিম। তিনি জামায়াতে ইসলামীর মাদারীপুর পৌর শাখার নায়েবে আমির এবং শহরের পুরান বাজারের ডিএম টেইলার্সের স্বত্বাধিকারী।

ভিডিও ফুটেজে দেখা যায়, আবদুর রহিম তাঁর অনুসারীদের নিয়ে মাদারীপুর শহরের পুরান বাজার ইসলামী ব্যাংকের শাখায় প্রবেশ করেন। পরে তিনি ব্যাংকের ব্যবস্থাপকের কক্ষে গিয়ে কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘কাল থেকে যেন এস আলমের সময় নিয়োগ পাওয়া কেউ ব্যাংকে না আসে। আজ সন্ধ্যার মধ্যে তাদের আর দেখতে না পাই।’

ভিডিওর আরেক অংশে তাঁকে বলতে শোনা যায়, ‘এখানে চাকরি করতে পারবে না, পারবে না, পারবে না। আজকে আপনাদের ম্যানেজারসহ বলে গেলাম, আমরা আবার আসব। পরিবেশ যেন নষ্ট না হয়। আমরা টেনেহিঁচড়ে ব্যাংক থেকে বের করে দেব, ইনশা আল্লাহ! আগামীকাল কোনো অবৈধ লোক যেন ব্যাংকে প্রবেশ করতে না পারে।’

খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে জামায়াতের ওই নেতা ইসলামী ব্যাংকে যান। শনিবার সন্ধ্যার পর ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে সমালোচনা শুরু হয়।

জানতে চাইলে জামায়াত নেতা আবদুর রহিম বলেন, ‘দলীয়ভাবে আমাদের কোনো নির্দেশনা ছিল না। আমরা ব্যাংকের সামনে মানববন্ধন করেছি। পরে ম্যানেজার আমাদের ডাকলে তাঁর কক্ষে যাই। সেখানে আমরা বলেছি, এস আলমের সময় নিয়োগ পাওয়া কর্মকর্তারা যেন এই ব্যাংকে না থাকে। কোনো হুমকি দিইনি। বাকি কথা ব্যাংকের ম্যানেজারই বলতে পারবেন।’

ইসলামী ব্যাংক মাদারীপুর পুরান বাজার শাখার ভাইস প্রেসিডেন্ট মো. আবদুল গাফ্ফার মিয়া বলেন, ‘সারা দেশেই ইসলামী ব্যাংক থেকে ৬ হাজার ৫০০ জন ছাঁটাই হয়েছে। আমাদের শাখা থেকে ১৬ জন বাদ পড়েছেন। যারা ছাঁটাই হয়েছেন, তারা মানববন্ধন করেছেন। তার প্রতিবাদে আবার গ্রাহকেরা মানববন্ধন করেছেন। ওই দিন আবদুর রহিম একজন গ্রাহক হিসেবে মানববন্ধনে অংশ নিয়ে ব্যাংকে আসেন। তিনি যেভাবে কথা বলেছেন, তা একজন গ্রাহক হিসেবেই বলেছেন।’

নাম প্রকাশ না করার শর্তে ব্যাংকের এক কর্মকর্তা বলেন, মাদারীপুর শাখা থেকে ১৬ জন ছাঁটাই হলেও আরও একজন কর্মকর্তাকে বাদ দিতে জামায়াতের লোকজন ম্যানেজারকে চাপ দেন। পরে আবদুর রহিম প্রকাশ্যে হুমকি দিলে ওই কর্মকর্তা আর ব্যাংকে আসেননি। তিনি বলেন, ‘যাঁরা ছাঁটাই হয়েছেন, সবাই অনিয়ম করে আসেননি। অনেকে যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ পেয়েছিলেন।’

এ বিষয়ে মাদারীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এনায়েত হোসেন বলেন, ‘আবদুর রহিম ইসলামী ব্যাংকে গিয়ে হুমকি দিয়েছেন—এমন কিছু শুনিনি। ব্যাংকের ম্যানেজার তাঁকে ডাকছিল বলে জেনেছি।’ তিনি আরও বলেন, ‘ফেসবুকে তাঁর বক্তব্য শুনেছি। বিষয়টি আমরা আলাপ করে দেখব।’

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন