উমামা ফাতেমার সংবাদ সম্মেলন বয়কট করলেন মোজো সাংবাদিকরা
![]() |
| উমামা ফাতেমার সংবাদ সম্মেলন বয়কট করলেন মোজো সাংবাদিকরা। তিনি নির্ধারিত আসনে বসতেই একে একে বুম সরিয়ে নিলেন সবাই । ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৫ | ছবি: পদ্মা ট্রিবিউন |
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’র সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার সংবাদ সম্মেলন বয়কট করেছেন মোজো সাংবাদিকরা।
সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডাকসু ভবনের সামনে নির্বাচন স্থগিত বিষয়ে হাইকোর্টের আদেশ নিয়ে সংবাদ সম্মেলন শুরু করেন উমামা ফাতেমা। তবে তিনি বক্তব্য দেওয়ার জন্য আসনে বসতেই ক্ষোভ প্রকাশ করে মোজো সাংবাদিকরা নিজেদের বুম সরিয়ে নেন এবং অনুষ্ঠান বয়কট করেন।
এর আগে গত ২৯ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে মোজো সাংবাদিকদের নিয়ে উমামা ফাতেমার দেওয়া অবমাননাকর মন্তব্যের প্রতিবাদ জানায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)। সংগঠনটি তাঁর মন্তব্য প্রত্যাহারেরও দাবি জানায়।
এ বিষয়ে এমআরএ সভাপতি ফখরুল ইসলাম বলেন, 'উমামা ফাতেমা একজন গণআন্দোলনের নেত্রী হলেও ডিজিটাল সাংবাদিকদের নিয়ে তাঁর নেতিবাচক মন্তব্যে আমরা কষ্ট পেয়েছি। আমরা চাই তিনি প্রকাশ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাইবেন। তা না হলে তাঁর অনুষ্ঠানগুলো আমরা বয়কট করতে থাকব।'
তিনি আরও বলেন, 'সাংবাদিকদের পেশাগত সম্মান ও অধিকারকে গুরুত্ব দেওয়া উচিত।'
সংগঠনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বলেন, 'জুলাই অভ্যুত্থানের নেত্রী হিসেবে উমামা ফাতেমাকে তাঁরা সম্মান করেন। তবে মোজো সাংবাদিকদের নিয়ে কটূক্তির জন্য তাঁকে দ্রুত ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিতে হবে।'
এর আগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে উমামা ফাতেমা অভিযোগ করেন, ডাকসু নির্বাচনে ডিজিটাল সাংবাদিকতা পুরো পরিবেশ নষ্ট করছে। এতে প্রার্থীদের সঙ্গে ভোটারদের স্বাভাবিকভাবে কথা বলার সুযোগ বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি লিখেছিলেন, 'প্রার্থীদের পেছনে প্রতিটি পদক্ষেপ ভিডিও করা কতটা যৌক্তিক, তা নিয়ে প্রশ্ন আছে। নিষেধ করার পরও সাংবাদিকেরা তা বন্ধ করছেন না। অনেক সময় প্রার্থীর অনুমতি ছাড়াই ভিডিও করা হচ্ছে, আবার ভিডিও কেটে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে।'
সাংবাদিকদের উদ্দেশে তিনি আরও লিখেন, 'প্রার্থী ও ভোটারের গোপনীয়তা মেনে চলুন। তাদের সম্মতি ছাড়া ভিডিও করবেন না। অযাচিতভাবে ভিডিও করে যেন নির্বাচনের পরিবেশ নষ্ট না হয়।'

Comments
Comments