[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

স্বেচ্ছাসেবক দল নেতার টাকার মালা গলায় ঝুলিয়ে মিছিল, ভাইরাল ভিডিও

প্রকাশঃ
অ+ অ-

প্রতিনিধি চট্টগ্রাম

টাকার মালা গলায় পরেছেন মো. রাসেল |  তাঁর ফেসবুকে শেয়ার করা একটি ভিডিও থেকে ছবিটি নেওয়া

চট্টগ্রামে দলীয় পদ পাওয়ার পর টাকার মালা গলায় ঝুলিয়ে আনন্দ মিছিল করেছেন এক স্বেচ্ছাসেবক দল নেতা। তাঁর নাম মো. রাসেল। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড শাখার সদ্য ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছেন তিনি।

গত শুক্রবার নগরের আকবরশাহ থানার উত্তর পাহাড়তলীর হারবাতলীতে এই আনন্দ মিছিল করা হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। রাসেল নিজেও তাঁর ফেসবুকে ভিডিওটি শেয়ার করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক দলের ওয়ার্ড কমিটিতে পদ পাওয়া রাসেল ২০২০ সালের ২০ জুলাই আকবর শাহ থানা-পুলিশের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজিসহ অন্তত দুটি মামলা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাসেলকে ঘিরে ১৫ থেকে ২০ জন ব্যক্তি স্লোগান দিচ্ছেন। এরই মধ্যে একজন ৫০০ টাকার কয়েকটি নোট গেঁথে তৈরি করা একটি মালা রাসেলকে পরিয়ে দেন। এরপর সেটি পরেই আনন্দ মিছিল করেন রাসেল।

জানতে চাইলে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মো. রাসেল আজ রোববার সকালে বলেন, ‘দলীয় পদ পাওয়ায় কর্মীরা আমাকে শুভেচ্ছা জানাতে এসেছেন। তাদের মধ্যে একজন টাকার মালা পরিয়ে দিয়েছেন। এ বিষয়ে আমি আর কিছু জানি না।’ অস্ত্রসহ গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোকজন আমাকে ফাঁসিয়ে দিয়েছিলেন।’ ইতিমধ্যে বেশ কিছু মামলায় খালাস পেয়েছেন বলে দাবি করেন রাসেল।

মো. রাসেল  |  ছবি: রাসেলের ফেসবুক আইডি থেকে

অস্ত্র মামলার আসামির দলীয় পদ পাওয়া এবং টাকার মালা নিয়ে আনন্দ মিছিল করার বিষয়ে নগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জমির উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হয়। তবে তিনি কল রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। এতে ২১ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এই কমিটি অনুমোদন করেন। একই সঙ্গে চট্টগ্রাম মহানগরের আওতাধীন ১৫ থানার পূর্ণাঙ্গ ও ১২টি ওয়ার্ডের আংশিক আহ্বায়ক কমিটিও অনুমোদন করা হয়।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন