[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

রামপুরায় কফিশপের সামনে তরুণীকে মারধর, ব্যবস্থাপকসহ দুজন আটক

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক ঢাকা

 

রাজধানীর রামপুরায় আপন কফি শপের সামনে তরুণীকে মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়েছে | ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর রামপুরা থানা এলাকায় এক তরুণীকে মারধর করার অভিযোগে একটি কফিশপের ব্যবস্থাপকসহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেল চারটার দিকে তাঁদের আটক করা হয়েছে। আটক দুজন হলেন আপন কফিশপের ব্যবস্থাপক আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধর। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আতাউর রহমান বলেন, ১১ দিন আগে রামপুরা থানার আপন কফিশপের সামনে এক তরুণী ঢোকার চেষ্টা করেন। তখন ক্ষিপ্ত হয়ে কফিশপটির ব্যবস্থাপক আলামিন তাঁকে লাঠি দিয়ে বেধড়ক পেটান। তখন তরুণী খোঁড়াতে খোঁড়াতে সেখান থেকে চলে যান। এ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

রামপুরা থানার ওসি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীকে মারধর করার ভিডিও নজরে আসার সঙ্গে সঙ্গে আপন কফিশপে অভিযান চালিয়ে ব্যবস্থাপক আলামিন ও কর্মচারী শুভ সূত্রধরকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আগামীকাল দুজনকে আদালতে পাঠানো হবে।

তরুণীকে মারধরের বিষয়ে রামপুরা থানার ওসি বলেন, কফিশপের দুজন জিজ্ঞাসাবাদে দাবি করেছেন, ওই তরুণী কফিশপে ঢুকে উৎপাতমূলক কর্মকাণ্ড করতেন। ওই তরুণীকে খুঁজে বের করার চেষ্টা চলছে জানিয়ে ওসি বলেন, তিনি যদি মামলা করেন, তাহলে সেই মামলায় কফিশপের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান দেওয়া হবে অথবা পুলিশ নিজে বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করবে।

ছড়িয়ে পড়া ফেসবুক ভিডিওতে দেখা যায়, তরুণী সেদিন কফিশপের প্রবেশপথের সামনে যান। তখন ওই দোকানের দুজন কর্মচারী ভেতর থেকে বেরিয়ে আসেন। এরপর কোনো কিছু না বলে তরুণীকে মারধর শুরু করেন একজন। পরে তরুণী দৌড়ে ঘটনাস্থল থেকে চলে যান।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন