[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ঢাবি ও সাত কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন

প্রকাশঃ
অ+ অ-

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া রাত সাড়ে ১২টার দিকে নিউ মার্কেটের সামনের এলাকায় ছড়িয়ে পড়ে | ছবি: পদ্মা ট্রিবিউন

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে গতকাল রোববার রাতভর সংঘর্ষে এ পর্যন্ত ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষার্থী ছাড়াও আহত হন পথচারী ও সাংবাদিক। আহত ব্যক্তিদের মধ্যে তিনজন এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অনেকেই চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উজ্জ্বল (৩০), সাইদ মুন্সি (২২) ও রাকিব (২৪) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

আর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন ১৯ জন শিক্ষার্থী। তাঁরা হলেন রিপন চৌধুরী, ইরফান (২০), পথচারী উজ্জ্বল (৩২), আশরাফ (২০), মেহেদি (২৩), ফয়সাল আহমেদ (২২), সাদ (২২), হৃদয়(২৩), মাহিন (২২), ইসমাইল, ইমতিয়াজ, তোফায়েল আহমেদ (সাংবাদিক বাংলাদেশ টাইমস), ইব্রাহিম (২৩), রিশাদ (২৩), মিরাজ (২৩), আমানুল্লাহ (২২), হিমু (২৩), সাব্বির হোসেন (২৪) ও রাকিব (২৪)।

ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তিদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বর্তমানে তিনজন ভর্তি রয়েছেন।

গতকাল রোববার রাতে নীলক্ষেত মোড় এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও এই বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন।

পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে হামলায় জড়িত সবার বিচারের দাবিতে আজ সকাল ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধ করার ঘোষণা দিয়েছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা। তবে তাঁরা এই কর্মসূচি পালন নয়, ৬ দফা দাবি দিয়ে তা পূরণের জন্য ৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন।

এ পরিস্থিতিতে আজ ক্লাস-পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের আজকের সব চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

৬ দফা দাবিগুলো হলো—
১. ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে।

২. ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্য হামলাসহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানার পুলিশের ন্যক্কারজনক হামলার ঘটনায় এসি-ওসিসহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।

৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে ৪ ঘণ্টার মধ্যে বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে।

৫. এ পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, উপদেষ্টা নাহিদ ইসলাম, ইউজিসির সদস্য ও ঢাবির উপাচার্যের সমন্বয়ে সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সঙ্গে তাৎক্ষণিক উচ্চপর্যায়ের মিটিংয়ের মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে।

৬. ঢাকা বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট এলাকায় সিটি করপোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন