[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

ব্যক্তিগত দ্বীপ কিনছেন নেইমার

প্রকাশঃ
অ+ অ-

খেলা ডেস্ক

ব্রাজিলিয়ান তারকা নেইমার | ইনস্টাগ্রাম

প্রায় এক বছর ধরে মাঠের বাইরে আছেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে চোট পান আল হিলাল তারকা, এরপর থেকে আর মাঠে ফিরতে পারেননি। সম্প্রতি তিনি অনুশীলনে ফিরেছেন, তবে কবে খেলায় ফিরবেন, তা এখনও নিশ্চিত নয়।

এরই মধ্যে মাঠের বাইরের একটি ঘটনায় আবার শিরোনামে এসেছেন নেইমার। তিনি ব্রাজিলের একটি ব্যক্তিগত দ্বীপ কিনতে যাচ্ছেন। দ্বীপটির নাম ইলহাও দো জাপাও, যা রিও ডি জেনিরোর কাছাকাছি অবস্থিত। এটি কিনতে নেইমারের খরচ হবে ৯০ লাখ ইউরো। বর্তমানে তিনি দ্বীপটিতে থাকছেন, তবে এর জন্য প্রতিদিন ৫০ হাজার ইউরো ভাড়া দিতে হচ্ছে তাঁকে।

ব্রাজিলের সাংবাদিক লিও দিয়াস এই খবরটি প্রকাশ করেছেন। দ্বীপটির মালিকানাধীন রয়েছে একটি কানাডিয়ান প্রতিষ্ঠানের কাছে। আগে তারা দ্বীপটির জন্য ১ কোটি ২০ লাখ ইউরো চেয়েছিল, তবে ৩০ লাখ ইউরো কমিয়ে এখন ৯০ লাখ ইউরোতে বিক্রি করতে যাচ্ছে।

দ্বীপটিতে একই সঙ্গে ১০ জন অতিথি থাকতে পারেন। রিও ডি জেনিরো থেকে দ্বীপটিতে হেলিকপ্টারে যেতে মাত্র ৩৫ মিনিট লাগে। দ্বীপটির বর্তমান মালিকদের হেলিকপ্টারও নেইমারের হতে যাচ্ছে। এছাড়া, রিও থেকে নৌকাতেও সেখানে যাওয়া যায়। দ্বীপটি মোট তিন হেক্টরের, যেখানে ইন্দোনেশিয়ান স্টাইলে একটি মূল ভিলা, দুটি স্যুইট, একটি মাছের পুকুর এবং সমুদ্রের দিকে মুখ করা তিনটি বাংলো রয়েছে।

ইলহাও দো জাপাও ছাড়াও নেইমারের অন্যান্য বিলাসবহুল সম্পত্তি রয়েছে। ব্রাজিলের মানগারাতিবা রিসোর্টে তাঁর একটি ছয় বেডরুমের বাড়ি এবং সাও পাওলোর কাছে আরও একটি বিলাসবহুল বাড়ি আছে।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন