[tenolentSC] / results=[3] / label=[ছবি] / type=[headermagazine]

পাবনায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট মেয়েকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু

প্রকাশঃ
অ+ অ-

বিদ্যুৎস্পৃষ্ট | প্রতীকী ছবি

প্রতিনিধি পাবনা: পাবনার আতাইকুলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে জেলা সদরের আতাইকুলা ইউনিয়নের কাচারপুর পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন একই গ্রামের নবাব উদ্দিন খানের স্ত্রী আরজিনা খাতুন (৪৫) ও মেয়ে আরশা খাতুন (১৩)।

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ঝুম বৃষ্টি হচ্ছিল। এ সময় আরশা খাতুন বাড়ির টিনের ঘরের নিচে গোসল করে। গোসল শেষে সে গোয়ালঘরে উঠতে গেলে লোহার দরজার সঙ্গে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় মেয়েকে বাঁচাতে মা আরজিনা খাতুন এগিয়ে গেলে মেয়েসহ তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আরজিনা খাতুনের স্বামী নবাব উদ্দিন খান বলেন, গোয়ালঘরের বিদ্যুতের তার ছিঁড়ে পুরো ঘর বিদ্যুতায়িত হয়েছিল। মেয়ে সেটা বুঝতে না পেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্টে মারা যান।

নবাব উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে মেয়েকে মাদ্রাসায় পড়াচ্ছিলাম। মেয়ে আমার খুব মেধাবী ছিল। কিন্তু আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। আমি একা হয়ে গেলাম।’

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম বলেন, ঘটনাটি মর্মান্তিক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনায় পরিবারটি কোনো অভিযোগ করেনি।

Fetching live reactions...
Was this article helpful?

Comments

Comments

Loading comments…
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন